ছবির ক্যাপশন:
ঝিনাইদহে ডাকাতির কবলে পড়ে চরম আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। এরপর নবজাতকের মৃত্যু হয়েছে। ডাকাতদের হামলার শিকার ওই পরিবারটি চুয়াডাঙ্গা পোস্ট অফিস পাড়ার বাসিন্দা আব্দুল্লাহ আল নোমানের। তিনি ‘চুয়াডাঙ্গা পোস্ট’ নামে একটি অনলাইন পোর্টালের উপদেষ্টা সম্পাদক। এসময় মুখোশধারী ডাকাতদল নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নেয়। গত শনিবার দিনগত রাত তিনটার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল্লাহ আল নোমান জানান, সন্তানসম্ভবা তার স্ত্রী এবং পরিবারের আরও তিনজন সদস্যকে নিয়ে তিনি যশোর যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সটি কালীগঞ্জের গান্না-নীমতলা সড়কের সিংদহ গ্রামে পৌঁছালে সড়কের পাশের গাছ কেটে ব্যারিকেড দেয় আনুমানিক ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত। তারা অ্যাম্বুলেন্সটি থামিয়ে প্রসূতির স্বামী, মা ও শাশুড়ির কাছে থাকা নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
তিনি আরও জানান, ‘ডাকাতির ঘটনায় আমার স্ত্রী ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন। সেই আতঙ্কের মধ্যেই তিনি অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তান প্রসব করেন, কিন্তু নবজাতককে আর বাঁচানো সম্ভব হয়নি। পরে আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে ঘটনাস্থলে পুলিশের একটি টিম আসে; তারা বিষয়টি জেনে চলে যান।’
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলার বেতাই চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখি এবং বিস্তারিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি।’
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, ঘটনাস্থলে টহল টিম গিয়েছিল। রাস্তার ওপর গাছ ফেলা ছিল। একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে। কিছু টাকা ও সোনাদানা নিয়ে গেছে। তিনি বলেন, অ্যাম্বুলেন্সে গর্ভবতী রোগী ছিল। তার প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। প্রসূতির বাচ্চাটা মারা গেছে কি না, তা জানা নেই।
ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, ‘ডাকাতির ঘটনা সত্য। প্রসূতির নবজাত শিশুটিও মারা গেছে বলে শুনেছি।’ তিনি জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে জেলা পুলিশ ও গোয়েন্দা একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। কালীগঞ্জ থানায় মামলা করার কথা বলেছি। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
