ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে চিহ্নিত মানব পাচারকারী ও মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার সকালে মানব পাচারকারী হিসেবে চিহ্নিত মো. লিংকনকে আটক করা হয়। এর আগে গত শনিবার মাদকবিরোধী অভিযানে ১৭৩ বোতল ভারতীয় সিরাপসহ মো. রবিউল ইসলামকে আটক করা হয়। গতকাল মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান পূথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীন বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬০/৩৫-আর থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর মাঠের রাস্তার ওপর সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় চিহ্নিত মানব পাচারকারী ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল মো. লিংকনকে (৩৫) আটক করা হয়।
লিংকন মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। বিজিবি জানিয়েছে, তাঁর বিরুদ্ধে দুটি মাদক মামলা, একটি মানব পাচার মামলা এবং পাসপোর্ট আইনে তিনটি মামলা রয়েছে। তাঁকে মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, গত শনিবার দুপুর ১২টা ২৫ মিনিটে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। সীমান্ত পিলার ৬৪/৪-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের হঠাৎপাড়া নামক স্থানে সুবেদার মো. আলী হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১৭৩ বোতল ভারতীয় সিরাপ, একটি আলমসাধু গাড়ি, একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড ও নগদ ১ হাজার ৩৫ টাকাসহ মো. রবিউল ইসলামকে (৩৪) আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার খালিশপুর বেলেমাঠ গ্রামের মো. আজাহার আলীর ছেলে।
