ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার শিক্ষা, সাহিত্য, গবেষণা ও সামাজিক আন্দোলনের বরেণ্য ব্যক্তিত্ব অধ্যক্ষ হামিদুল হক মুন্সীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানেই চিরনিদ্রায় শায়িত হন এই প্রথিতযশা শিক্ষাবিদ ও গবেষক।
এর আগে সকালে শহরের সিনেমা হলপাড়ায় হাসপাতাল রোডের নিজ বাসভবনে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। হামিদুল হক মুন্সীর মরদেহের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা ইউনিট, চুয়াডাঙ্গা জেলা ছাত্র ইউনিয়ন, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন ও চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘসহ বিভিন্ন সংগঠন।
জানাজায় সর্বস্তরের শত শত মানুষ অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আখতার এবং চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদক ও সাংবাদিক মেহেরাব্বিন সানভী প্রমুখ। এছাড়া মরহুমের আত্মীয়স্বজন, সহকর্মী, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা জানাজায় শরিক হন।
জানাজা ও দাফনকে কেন্দ্র করে সকাল থেকেই কবরস্থান ও আশপাশের এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষক ও পথপ্রদর্শককে হারিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত বিশিষ্টজন ও এলাকাবাসী।
উল্লেখ্য, বার্ধক্যজনিত নানা জটিলতা ও দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগে গত শনিবার বেলা দুইটার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘ শিক্ষকতা জীবন, স্থানীয় ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা, সাংবাদিকতা এবং নাগরিক আন্দোলনে তাঁর অবদান চুয়াডাঙ্গার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
