টানা বৃষ্টিতে বিপর্যস্ত মেহেরপুরের কৃষি

পানির নিচে ফসল; দিশেহারা কৃষক

আপলোড তারিখঃ 2026-11-22 ইং
টানা বৃষ্টিতে বিপর্যস্ত মেহেরপুরের কৃষি ছবির ক্যাপশন:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মেহেরপুরের কৃষি। অসময়ের এ বৃষ্টিতে মাঠে থাকা পাকা ও আধাপাকা আমন ধান, সদ্য বপন করা আলু ও গম, ভুট্টা এবং কলাবাগানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও জমিতে হাঁটুপানি জমেছে, আবার কোথাও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সদ্য রোপণ করা ফসল। এতে চরম বিপাকে পড়েছেন জেলার হাজারো কৃষক।
গত শুক্রবার নিম্নচাপের প্রভাবে দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। এদিন জেলায় প্রায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আরও প্রায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সব মিলিয়ে দুই দিনে মেহেরপুরে প্রায় ৩০ থেকে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


শনিবার জেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে নিচু জমিগুলোতে পানি জমে আছে। মাঠে থাকা পাকা ও আধাপাকা আমন ধান বৃষ্টি ও বাতাসের তোড়ে মাটিতে নুয়ে পড়েছে। জমে থাকা পানিতে ধানের শিষ ভিজে যাওয়ায় দানা নষ্ট ও চিটা হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। অন্যদিকে কয়েক দিন আগে বপন করা আলু ও গমের বীজ অতিরিক্ত আর্দ্রতায় পচে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সদ্য গজানো ভুট্টার চারাও গোড়া পচা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাসে বিভিন্ন স্থানে কলাগাছ ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে।


বিশেষ করে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের বলাগাড়ির মাঠে বৃষ্টির পানি জমে ব্যাপক দুর্ভোগে পড়েছেন কৃষকরা। প্রায় ৫০০ থেকে ৬০০ বিঘা জমির এ মাঠে ধান, গম, ভুট্টা, শাকসবজিসহ বিভিন্ন ফসলের আবাদ হয়। মাঠের অধিকাংশ জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় ফসলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন চাষিরা।


বলাগাড়ির মাঠের কৃষক আসাদুল মিয়া বলেন, “আমাদের বলাগাড়ির মাঠে গম, ভুট্টা, ধান ও কলাÑএইগুলো চাষ হয়। কিন্তু এই দুই দিনে টানা বৃষ্টিতে যত পানি জমে আছে, এগুলো হবে না। বিশেষ করে ভুট্টা পচে যাবে।”


একই মাঠের কৃষক খাকচার হোসেন বলেন, “গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে। এখানে ধান, গম ও ভুট্টার প্রচুর ক্ষতি হয়েছে। প্রচুর পরিমাণে ক্ষতি আছে। এ মাঠ বলাগাড়ির মাঠ নামে পরিচিত। এ মাঠে ভুট্টা লাগানো প্রায় শেষ, কিন্তু এই দুই দিনের পানিতে মনে হচ্ছে সব পচে গেছে। ধানের বিচালি, যা গরুতে খাবে, সেটাও নষ্ট হয়ে গেছে। আমি কৃষি কর্মকর্তার কাছে সাহায্য-সহযোগিতা কামনা করছি।”


কৃষক মুরাদ আলী বলেন, “আমাদের এই মাঠে প্রায় ৫০০ থেকে ৬০০ বিঘা জমি। এখানে অনেক রকমের ফসল আছে। সবজি, ধান আছে, অনেকেই ভুট্টা লাগিয়েছেন। প্রায় পুরো মাঠেই ভুট্টার আবাদ হয়েছে, গমও অনেক জমিতে বোনা হয়েছে। কিন্তু এক হাঁটু পানির কারণে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষতির কোনো তুলনা নেই। আমরা এখন কী করব, কোথায় যাব? আমাদের দেখার কেউ নেই।


এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ইমদাদুল হাসান বলেন, “টানা দুই দিনের বৃষ্টিতে কৃষকদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা এখনই বলা যাচ্ছে না। ক্ষতির পরিমাণ নিরূপণ করতে কিছুদিন সময় লাগবে। জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে আলু ও ভুট্টার ক্ষেত থেকে দ্রুত পানি সরিয়ে দিলে ক্ষতির পরিমাণ কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে।”


এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার দুপুরের পর থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে শুরু করেছে। আগামীকাল রোববার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করা না গেলে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এখন কৃষকদের প্রত্যাশা, কৃষি বিভাগের পক্ষ থেকে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ, প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার ব্যবস্থা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)