ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে সায়েদ ফুড প্রোডাক্টসের ম্যানেজার আবু হোসেনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মালিকের জামাতা সৌরভের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর হাতের ক্ষত গভীর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা রাজশাহীতে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
গতকাল শনিবার সকালে ডিঙ্গেদহে অবস্থিত সায়েদ ফুড প্রোডাক্টসে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত আবু হোসেন ও তাঁর পরিবারের সদস্যরাও এ বিষয়ে পুলিশকে বিস্তারিত কিছু জানাননি।
আহত আবু হোসেন (৬৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার বাদুরতলার বাসিন্দা। তিনি মৃত তাহাজ্জদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে ডিঙ্গেদহের সায়েদ ফুড প্রোডাক্টস (বেকারি) প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
আবু হোসেনের ভাই সাইদুর রহমান জানান, ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে তিনি নিশ্চিত নন। তাঁদের মধ্যে অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁর ধারণা। তবে তিনি জানতে পেরেছেন, প্রতিষ্ঠানের মালিকের জামাতা সৌরভ ধারালো অস্ত্র দিয়ে তাঁর ভাইকে কুপিয়ে জখম করেছেন।
সাইদুর রহমান আরও জানান, চিকিৎসকদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, আবু হোসেনের হাতের ক্ষত বেশ গভীর। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা অথবা রাজশাহীতে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত এক ব্যক্তি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে ওই ব্যক্তি ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু বলছেন না। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
