চুয়াডাঙ্গার বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী আর নেই

আপলোড তারিখঃ 2026-11-22 ইং
চুয়াডাঙ্গার বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী আর নেই ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা শহরের সিনেমা হলপাড়ায় হাসপাতাল রোডের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।


অধ্যক্ষ হামিদুল হক মুন্সী দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্ত্রী অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক মালেকা হক মাখন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।


অধ্যক্ষ হামিদুল হক মুন্সী ছিলেন চুয়াডাঙ্গার শিক্ষা ও সাহিত্যাঙ্গনের এক শ্রদ্ধেয় নাম। ১৯৮৩ সালে শিক্ষকতা পেশায় যোগদানের মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। দীর্ঘ ৩৪ বছর শিক্ষকতা শেষে ২০১৭ সালে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তিনি চুয়াডাঙ্গা পৌর কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শিক্ষকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা অর্জন করেন। অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রেখেছিলেন এই নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ।


শিক্ষকতার পাশাপাশি লেখালেখি ও গবেষণায়ও ছিল তাঁর গুরুত্বপূর্ণ অবদান। বাংলা একাডেমির আজীবন সদস্য অধ্যক্ষ হামিদুল হক মুন্সী মুক্তিযুদ্ধের ইতিহাস, স্থানীয় ইতিহাস, শিক্ষা ও সমাজজীবন নিয়ে প্রায় অর্ধশত গ্রন্থ রচনা করেছেন। বিশেষ করে চুয়াডাঙ্গা অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের নানা অজানা অধ্যায় তাঁর গবেষণাকর্মে উঠে এসেছে। তিনি দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার প্রথম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।


সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। মাথাভাঙ্গা নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। শিক্ষকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ‘শিক্ষাবিদ ফোরাম’ এবং প্রবীণদের কল্যাণে ‘প্রবীণ হিতৈষী সংঘ’ প্রতিষ্ঠার সঙ্গেও যুক্ত ছিলেন। অবসর গ্রহণের পরও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি।


অধ্যক্ষ হামিদুল হক মুন্সীর জন্ম আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর গ্রামে। তাঁর বাবা প্রয়াত লুৎফল হক মুন্সী এবং মা হামিদা খাতুন। শিক্ষকতা, সাহিত্যচর্চা, গবেষণা ও সমাজসেবায় নিবেদিত দীর্ঘ কর্মময় জীবন তাঁকে চুয়াডাঙ্গার মানুষের কাছে স্মরণীয় করে রাখবে।


তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গার শিক্ষাঙ্গন, সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। একজন আদর্শ শিক্ষক, নিষ্ঠাবান গবেষক ও সমাজসেবী হিসেবে তাঁর অবদান চুয়াডাঙ্গার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী, শিক্ষার্থী, শুভাকাক্সক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রোববার (২২ নভেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থানে মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)