চুয়াডাঙ্গায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আপলোড তারিখঃ 2026-11-22 ইং
চুয়াডাঙ্গায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ছবির ক্যাপশন:

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। সভায় বিপ্লবী গণফ্রন্টের চুয়াডাঙ্গা জেলার সমন্বয়ক কমরেড লিটু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ন্যাপ ভাসানীর সাবেক মহাকুমা সভাপতি অ্যাড. কামরুল আরেফিন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রয়োজনীয়তা প্রতি মুহূর্তে অনুভব করছি। কারণ গত ১৭ বছর আমাদের ওপর যেমন জুলুম হয়েছে, জালেমদের শাসনে অনিয়ম, বিশৃঙ্খলা, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, অবিচার, ঘুষ-দুর্নীতি, লুটপাট করে সব শেষ করে দেওয়া হয়েছিল। যার শেষ পরিণতি হলো পতন।


তিনি আরও বলেন, শেখ হাসিনার যেসব ঘটনা তার পতনের কারণ হয়েছিল, তার ভেতর অন্যতম কারণ দলীয়করণ। এই দলীয়করণের থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।


সবার উদ্দেশ্যে একটি মেসেজ দিয়ে তিনি বলেন, বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী পাশের রাষ্ট্র ভারতে লুকিয়ে থেকে একটা বাণী ছেড়েছে যে আমি দেশে ফিরছি। সে কখনোই আসবে না। তাদেরকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া যাবে না। তারা আমাদের দেশকে এক ধরনের গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। ফ্যাসিস্টদেরকে নিশ্চিহ্ন করতে সরকারের পাশে আমরা সব সময় থাকব।


তিনি আরও বলেন, আমার বয়স ৭৯ বছর পার হয়ে যাচ্ছে। আমি আগামী দিনে এই জালিমদের বিরুদ্ধে যদি কোনো বড় সংগ্রামের প্রয়োজন হয়, সেই সংগ্রামে বার্ধক্যজনিত কারণে সামনের কাতারে যদি নাও থাকতে পারি, আমি শেষের কাতারে লাঠিতে ভর দিয়ে থাকতে হলেও থাকব ইনশাআল্লাহ। দেশ আমাদের, জাতি আমাদের। আজকে এই মুহূর্তে মাওলানা ভাসানীর মতো মানুষ, তার মতো নেতাকে আমরা স্মরণ করছি ও সালাম জানাচ্ছি।


সভায় বিশেষ অতিথি ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ তৌহিদ হোসেন, বিপ্লবী গণফ্রন্টের কেন্দ্রীয় সদস্য কামরুজ্জামান ফিরোজ, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি এবং চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমুল হক সেলিমসহ বিপ্লবী গণফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)