ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সাংবাদিক হুসাইন মালিক ও তাঁর পরিবারের সদস্যদের বহনকারী একটি প্রাইভেটকারে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় এলাকার বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির অদূরে এ হামলার ঘটনা ঘটে। তবে গাড়িতে থাকা কেউ আহত হননি। ‘রেডিও চুয়াডাঙ্গা’ নামের একটি ই-মেইল থেকে প্রেরিত সংবাদে এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানানো হয়েছে।
হুসাইন মালিক বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশ বেতার, দীপ্ত টেলিভিশন ও জাতীয় অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ‘রেডিও চুয়াডাঙ্গা’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনার বর্ণনায় সাংবাদিক হুসাইন মালিকের বড় ভাই সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিক জানান, ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে তাঁরা প্রাইভেটকারে আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় আত্মীয়দের নামিয়ে দুই ভাই ফেরার পথে দৌলতদিয়াড় এলাকায় বঙ্গজ লিমিটেডের কিছুটা আগে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা গাড়ি লক্ষ্য করে কোনো লোহার বস্তু বা বড় হাতুড়ি দিয়ে আকস্মিক আঘাত করে। এতে গাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর হয়।
তিনি আরও জানান, হামলার পর গাড়ি না থামিয়ে সরাসরি সদর থানায় চলে যান তাঁরা। ঘটনাস্থল ও আশপাশে সিসিটিভি ক্যামেরা থাকলে সেগুলোর ফুটেজ পর্যালোচনায় হামলার পুরো ঘটনা শনাক্ত করা সম্ভব হতে পারে বলে মনে করেন তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান বলেন, সাংবাদিকের গাড়িতে হামলার বিষয়টি তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় হুসাইন মালিক থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
এদিকে, ঘটনার পর উদ্বেগ প্রকাশ করে সাংগঠনিকভাবে করণীয় নির্ধারণে জরুরি সভা ডেকেছে চুয়াডাঙ্গা প্রেসক্লাব। এ বিষয়ে সাংগঠনিকভাবে করণীয় নির্ধারণ করতে আজ শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাবের মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
