ছবির ক্যাপশন:
মেহেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাইয়ের অংশ হিসেবে শারীরিক সক্ষমতা যাচাই (চঊঞ)-এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে মেহেরপুর পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের পরীক্ষায় প্রার্থীদের ২০০ মিটার দৌঁড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প ইভেন্টে অংশ নিতে হয়।
পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী দিনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র প্রদান করা হয়। এসময় মেহেরপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে না পড়তে হবে। এ বিষয়ে প্রার্থীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দ্বিতীয় দিনের নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত প্রতিনিধি ও পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট), এসবি, ঢাকা মোহাম্মদ মোবারক হোসেন, বিপিএম-সেবা। এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেনসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী।
