ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসব অভিযানে একজনকে মাদকসহ আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গত বুধবার বেলা ২টা ৩৫ মিনিটে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬৫/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের তেতুল মেম্বারের কমলাবাগানের পাশের একটি টিউবওয়েলের কাছ থেকে ৭৯ বোতল ভারতীয় সিরাপ (ইস্কুফ ও উইন সেরেক্স) এবং একটি পুরোনো বাইসাইকেল উদ্ধার করা হয়। হাবিলদার মো. মিকাইল হোসেনের নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে মালামালগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
একই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬৩/৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের বটতলা এলাকার পাকা রাস্তা থেকে মো. মামুনুর রশিদ (৪৪) নামের এক ব্যক্তিকে দুই পিস ভারতীয় সিরাপসহ আটক করা হয়। নায়েব সুবেদার মো. রমজান আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক মামুনুর রশিদ ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের মো. গোলাম সরোয়ারের ছেলে। তাঁকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ মহেশপুর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।
এছাড়া একই দিন বেলা ২টায় গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের ডালিমের ড্রাগন বাগান থেকে ভারতীয় ৩৯ বোতল কীটনাশক ও ১৯ পিস প্রসাধনসামগ্রী (সাবান) উদ্ধার করা হয়। হাবিলদার আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার ভোর ৫টা ৫ মিনিটে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/২৬-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর পশ্চিমপাড়া সীমান্তের কাঁচা রাস্তা থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। নায়েব সুবেদার মো. মফিজুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনাকালে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ দুজন হলেন যশোরের মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের মো. সোহরাব হোসেন দফাদারের ছেলে মো. জাহিদ হাসান (২৯) এবং সাতক্ষীরা জেলার শিবপুর গ্রামের মো. সরোয়ার সরদারের ছেলে মো. শরিফুল সরদার (৩৩)। বাকি তিনজনের মধ্যে একজন নারী ও দুজন শিশু রয়েছেন। আটক পাঁচজনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
