চুয়াডাঙ্গায় পালক মায়ের বিরুদ্ধে নির্যাতন ও হত্যার অভিযোগ

মেয়ের মৃত্যুর বিচার চান জৈবিক বাবা-মা

আপলোড তারিখঃ 2026-11-20 ইং
চুয়াডাঙ্গায় পালক মায়ের বিরুদ্ধে নির্যাতন ও হত্যার অভিযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় কলেজছাত্রী জান্নাতুল মাওয়া জান্নাতের (১৮) রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার পালক মায়ের বিরুদ্ধে নির্যাতন ও হত্যার অভিযোগ তুলেছেন তাঁর জৈবিক বাবা-মা। তাঁদের দাবি, মাওয়াকে দীর্ঘদিন ধরে নির্যাতন করতেন পালক মা। জৈবিক বাবা-মায়ের সঙ্গে যোগাযোগের বিষয়টি জানার পর তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তাঁরা। এ ঘটনায় মেয়ের মৃত্যুর সঠিক কারণ উদ্ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তাঁরা।


গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা সরকারি কলেজে অবস্থান করে মাওয়ার সহপাঠীদের সঙ্গে কথা বলেন তাঁর জৈবিক বাবা মোকাদ্দেস হোসাইন ও মা সেলিনা মোরসালিনা। পরে তাঁরা জানান, মেয়ের মৃত্যুর ঘটনায় ফরিদপুরে গিয়ে আদালতের মাধ্যমে মামলা করবেন। তাঁদের দাবি, মাওয়ার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।


মাওয়ার জৈবিক বাবা মোকাদ্দেস হোসাইন বলেন, মেয়ের জন্মের পর আর্থিক অবস্থা ভালো না থাকায় তাঁকে অন্য একটি পরিবারের কাছে দিয়ে দেন। যারা মেয়েকে লালন-পালনের দায়িত্ব নিয়েছিলেন, তাঁদের সঙ্গে চুক্তি হয়েছিল, বছরে অন্তত একবার মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হবে এবং বিয়ের সময় তাঁদের জানানো হবে। কিন্তু দীর্ঘদিনেও একবারের জন্য মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি।


তিনি বলেন, ‘আমরা মেয়ের নাম রেখেছিলাম অন্তরা। পরে তাঁরা নাম রাখেন জান্নাতুল মাওয়া জান্নাত। মাওয়ার বয়স যখন সাত বছর, তখন আমরা মেয়েকে দেখতে চাইলে তাঁর পালক মা বলেন, আপনারা এসে মেয়েকে নিয়ে যান। তবে এ পর্যন্ত পড়াশোনার পেছনে ১০ লাখ টাকা খরচ হয়েছে, সেই টাকা নিয়ে এসে মেয়েকে নিয়ে যেতে হবে।’


মোকাদ্দেস হোসাইন আরও বলেন, এক প্রতিবেশীর মাধ্যমে মেয়ের পালক পরিবারের সঙ্গে তাঁদের পরিচয় হয়েছিল। মাওয়া তাঁদের বড় মেয়ে। তাঁদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী থানায়। মেয়ের মৃত্যুর দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘সকালে মেয়ের মৃত্যুর খবর পেয়ে আমরা চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হই। আমার মা ও বোনকে আগেই সেখানে পাঠিয়ে দিই, যেন আমি না আসা পর্যন্ত লাশ দাফন না করা হয়। তাঁদের বলেছিলাম, আমি মেয়ের মুখ না দেখা পর্যন্ত যেন দাফন না হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর কোনোরকমে মেয়ের মুখটা দেখতে পেয়েছি। শেষবারের মতো ভালোভাবে মেয়ের মুখটাও দেখতে দেয়নি। এক মিনিটের মধ্যেই খাটিয়া তুলে দাফনের কার্যক্রম শুরু করে।’


তিনি অভিযোগ করে বলেন, ‘একজন লম্বা দাঁড়িওয়ালা ব্যক্তি, তিনি মামা নাকি চাচা তা ঠিক জানি না, আমাদের জোর করে স্টাম্পে সই করিয়ে নেন। এসময় হুমকি-ধমকিও দেওয়া হয়।’ মেয়ের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুলে মোকাদ্দেস হোসাইন বলেন, ‘আমার মেয়ে দিনের বেলায় পরীক্ষা দিয়েছে, বাড়িতে এসে খেলাধুলা করেছে। সেই মেয়ে রাতে কেন আত্মহত্যা করবে? আমার মেয়ে আত্মহত্যা করার মতো মেয়ে নয়। তাঁর পালক মা তাঁকে দেখতে পারতেন না। অনেক অত্যাচার করতেন।’
মাওয়ার জৈবিক মা সেলিনা মোরসালিনা বলেন, ‘আমার মেয়ে তো দুনিয়া ছেড়ে চলেই গেছে। কিন্তু সে তো অসুখ-বিসুখে মারা যায়নি। এক বছর আগে মেয়ে নিজেই আমাকে খুঁজে বের করে। এরপর মাঝেমধ্যে আমার সঙ্গে গ্রামে গিয়ে দেখা করত। আমার যতটুকু মনে হচ্ছে, মেয়ে আমার সঙ্গে দেখা করে- এ বিষয়টি তাঁর পালক মা জানার পর কোনো ষড়যন্ত্র করে মেয়েকে মেরে ফেলেছে। মেরে না ফেলে আমার কাছে পাঠিয়ে দিতে পারতেন।’


তিনি আরও অভিযোগ করে বলেন, মাওয়ার পালক মা তাঁর স্বামীর সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়ে সন্দেহ করতেন। এ কারণে মাওয়াকে পালক বাবার কাছ থেকে দূরে থাকতে বলতেন। বিষয়টি মাওয়া তাঁকে জানিয়েছিলেন। সেলিনা মোরসালিনার ভাষ্য, মাওয়া তাঁকে বলেছিলেন, ‘মা, পালক মা কখনো মা হয় না, সৎ মা কখনো মা হয় না, গর্ভধারিণী মা-ই মা।’ তাঁর অভিযোগ, পালক মা মাওয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন এবং পালক বাবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে- এমন সন্দেহ করতেন।


এদিকে মাওয়ার জৈবিক বাবা-মায়ের এসব অভিযোগের বিষয়ে তাঁর পালক বাবা শরিফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যেভাবে ইচ্ছা হয় সেভাবে তন্দন্ত করুক। আমি আমার মেয়েকে খুব ভালোবাসতাম। ১৮ বছর ধরে মানুষ করছি, ওনাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’


এদিকে মাওয়ার বন্ধুরা জানিয়েছে, তার একটি প্রেমের সম্পর্ক ছিল, কিছু মাস আগে ব্রেকাপও হয়েছে। সে পারিবারিক ও ব্যক্তিগত দিক থেকে খুবই ডিপ্রেশনে ছিল। এ কারণে হয়ত এমন পথ বেছে নিতে পারে। তাছাড়া সম্পর্কের বিচ্ছেদের কিছু ঘটনাও ফেসবুকে পোস্ট করেছে সে।


এর আগে গত ১৬ নভেম্বর চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় ভাড়া বাসা থেকে জান্নাতুল মাওয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘জানোয়ার কোনো দিন মানুষ হইতে পারে না’ লিখে একটি নোট পোস্ট করেছিলেন তিনি। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করে সহপাঠীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেন। তাঁরা মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ উদ্ঘাটনের দাবি জানান। জেলা প্রশাসক জানিয়েছিলেন, তাঁর কার্যালয় থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখার কথাও জানান তিনি।


জান্নাতুল মাওয়া চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যু ঘিরে শুরু থেকেই পারিবারিক নির্যাতন, ব্যক্তিগত সম্পর্ক ও মৃত্যুর আগের ফেসবুক পোস্ট নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এবার জৈবিক বাবা-মায়ের নতুন অভিযোগে ঘটনাটি আরও আলোচনায় এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)