রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

আপলোড তারিখঃ 2026-11-20 ইং
রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার ছবির ক্যাপশন:

রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে ঐতিহাসিক রায় দিয়েছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গণহত্যা চালানোর জন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে রায় দেওয়ার ঘটনা এটিই প্রথম। আদালত প্রমাণ পেয়েছে যে, দমনপীড়ন চালিয়ে মিয়ানমারের ‘অভিপ্রায়’ ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার। একই সঙ্গে নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাধারণ ব্যক্তিদের দ্বারা সংঘটিত গণহত্যা প্রতিরোধ করার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। সাত বছর ধরে বিচারকাজ পরিচালনার পর গতকাল বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন আইসিজের বিচারকেরা।


সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেওয়া এই রায়ে ৯ জন বিচারক ঐকমত্যে পৌঁছেছেন, বিপক্ষে ভোট দিয়েছেন ছয় জন। রায়ে আইনগতভাবে মিয়ানমারকে চলমান সহিংসতা বন্ধ করতে, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে এবং এমন ঘটনা আর ঘটবে না, এই নিশ্চয়তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে নিজ আবাসস্থলে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। তবে উল্লেখযোগ্য যে, এ রায় রোহিঙ্গাদের ওপর গণহত্যার আনুষ্ঠানিক আন্তর্জাতিক স্বীকৃতি। এটি কোনো ফৌজদারি বিচার নয়। আইসিজে কোনো ব্যক্তিকে কারাগারে পাঠাতে পারে না। আর রায় বাস্তবায়নের নিজস্ব কোনো ব্যবস্থাও নেই আইসিজের। তবে গণহত্যার এই সিদ্ধান্ত আলাদা ফৌজদারি কার্যক্রমে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে রায় কার্যকরের দাবিতে আইনি ও কূটনৈতিক গুরুত্ব যোগ করতে পারে।


আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গারা যে দুর্ভোগ সহ্য করেছে- আইসিজের এই রায় তার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি। আর রায়ের পর কয়েক জন ব্রিটিশ আইনপ্রণেতা আবারও মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।


২০১৭ সালের আগস্টের শেষদিকে রাখাইনে সামরিক বাহিনীর নিধন অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রথম কয়েক দিন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি করলেও পরে রোহিঙ্গাদের প্রবেশ করতে দেয়। কয়েক দিনের মধ্যে সীমান্ত পাড়ি দিয়ে নাফ নদী পার হয়ে ছোট ছোট নৌকায় করে স্রোতের মতো লাখ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে প্রবেশ করেন।


এ ঘটনায় ১৯৪৮ সালের জাতিসংঘের জেনোসাইড সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে আইসিজেতে মামলা করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে আইসিজেতে মামলাটি করে দেশটি। ভৌগোলিকভাবে মিয়ানমার থেকে দূরে হলেও উভয় দেশই গণহত্যা সনদে স্বাক্ষরকারী। গাম্বিয়ার যুক্তি ছিল, অপরাধ যেখানেই ঘটুক না কেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা সনদে স্বাক্ষরকারী সব দেশের রয়েছে। আইসিজে গাম্বিয়ার মামলা করার অধিকার বহাল রাখে। মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। ২০১৯ সালের ডিসেম্বরে দেশটির তৎকালীন বেসামরিক নেতা অং সান সু চি সশরীরে আদালতে উপস্থিত হয়ে দাবি করেন, গাম্বিয়া সংঘাতের অসম্পূর্ণ চিত্র তুলে ধরেছে। তিনি অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের সম্ভাবনা স্বীকার করলেও গণহত্যার উদ্দেশ্য থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেন।


গতকাল বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত কক্ষে রায় পড়া শুরু করেন ইওয়াসাওয়া ইউজি। তিনি বলেন, মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে, যা গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক কনভেনশনের লঙ্ঘন। আইসিজের রায়ে প্রথম দুইটি কাউন্টে আইসিজের ১৫ জন বিচারকের মধ্যে ৯ জনই মিয়ানমার যে গণহত্যা চালিয়েছে এবং সেটি প্রতিরোধ করার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে মত দিয়েছেন। তিন নম্বর কাউন্টে, ১৪ জন বিচারক মিয়ানমার রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে প্রকাশ্যে গণহত্যার উসকানি দেয়নি বলে রায় দিয়েছে। তবে এই রায়ে একজন বিচারক দ্বিমত পোষণ করেছেন।


আইসিজের বিচারক ইউজি রায়ের চতুর্থ সিদ্ধান্তটি পড়ে শোনান। এতে ১১-৪ ভোটে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, গণহত্যা এবং জেনোসাইড কনভেনশন বা গণহত্যা সনদের তৃতীয় অনুচ্ছেদে তালিকাভুক্ত অন্যান্য অপরাধের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার। বিচারক ইউজি বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়ে কাজ করেছিল- এমন যুক্তিসংগত অনুমান করার অবকাশ রয়েছে। তিনি বলেন, ২০১৭ সালের ক্লিয়ারেন্স অপারেশন বা শুদ্ধি অভিযানকে ঘিরে তৈরি হওয়া প্রেক্ষাপট এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল, যা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার জন্য সহায়ক ছিল এবং এটি রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার ব্যাপারে মিয়ানমারের উদ্দেশ্যের ভিত্তি তৈরি করেছিল। রাখাইনে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়নে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে আদালত।


বিচারক রায়ে বলেন, আদালত প্রমাণ পেয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপকভাবে যৌন সহিংসতা চালিয়েছে, সেই সঙ্গে শিশুদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে এবং ব্যাপক সংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন তাদের ওপরও হামলা চালিয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে আসছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি ঐতিহাসিকভাবে করা আচরণ সম্পর্কে বিচারক ইউজি বলেন, আদালত দেখতে পেয়েছে যে, বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধগুলো ক্রমান্বয়ে তাদের অধিকারকে ক্ষুণ্ন করেছে এবং তাদের প্রান্তিক করে অত্যন্ত অরক্ষিত অবস্থার দিকে ঠেলে দিয়েছে।


২০১৭ সালের শুদ্ধি অভিযানের আগে উত্তর রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল বলে আইসিজের রায়ে উল্লেখ করা হয়েছে। বিচারক বলেন, বিদ্বেষমূলক বক্তব্যে রোহিঙ্গাদের ‘সাব-হিউম্যান বা অমানুষ’ হিসেবে তুলে ধরা হয়েছিল। আদালত প্রমাণ পেয়েছে, ২০১৭ সালের শুদ্ধি অভিযানের সময় মিয়ানমারের সামরিক বাহিনী ‘পরিকল্পিত ও সমন্বিত উপায়ে সক্রিয়ভাবে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছে এবং তার প্রচার চালিয়েছে’।


ক্ষতিপূরণ-প্রত্যাবাসন :
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি আইসিজে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত দিয়েছে। রায়ে বলা হয়েছে, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইসিজের বিচারক ইওয়াসাওয়া ইউজি বলেন, রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপরে নৃশংসতার তদন্ত করতে মিয়ানমার ব্যর্থ হয়েছে। রায়ে বলা হয়েছে, দেশটি গণহত্যা সনদের বিধান কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। এ জন্য সনদের বাধ্যবাধকতা পূরণে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে দেশটিকে। রায় অনুসারে, মিয়ানমারকে ভবিষ্যতে গণহত্যা সনদ লঙ্ঘনের ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দিতে হবে এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে।


‘রোহিঙ্গারা একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী’ :
রায়ে আইসিজের বিচারক ইউজি বলেছেন, রোহিঙ্গারা একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী। রোহিঙ্গাদের নিজস্ব ভাষা ও শিল্পকলা রয়েছে এবং তারা নিজেদের স্বতন্ত্র পরিচয়ে চিহ্নিত করে। কিছু সাক্ষ্য-প্রমাণের কথা উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমার কয়েক দশক ধরে তাদের প্রতি বৈষম্য করে আসছে এবং তারা একটি সুরক্ষিত গোষ্ঠী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য।


রায় কার্যকর করার ক্ষমতা নেই :
এটি স্পষ্ট করে বোঝা জরুরি যে, এটি কোনো ফৌজদারি বিচার নয়। আইসিজে কোনো ব্যক্তি বা জেনারেলকে কারাগারে পাঠাতে পারে না। আর রায় বাস্তবায়নের নিজস্ব কোনো ব্যবস্থাও নেই আইসিজের। রায় কার্যকর করার ক্ষেত্রে আদালত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং রাজনৈতিক চাপের ওপর নির্ভর করে। আইসিজে রাষ্ট্রের দায়বদ্ধতার বিচার করে, অন্যদিকে আইসিসি ব্যক্তিদের বিচার করে। তবে গণহত্যার এই সিদ্ধান্ত আলাদা ফৌজদারি কার্যক্রমে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে রায় কার্যকরের দাবিতে আইনি ও কূটনৈতিক গুরুত্ব যোগ করতে পারে।


ঐতিহাসিক রায় বললেন গাম্বিয়ার শীর্ষ আইনজীবী :
গাম্বিয়ার আইনি দলের সদস্য এবং শীর্ষস্থানীয় মানবাধিকার আইনজীবী ফিলিপ স্যান্ডস কেসি বিবিসি রেডিও ফোরের দ্য ওয়ার্ল্ড অ্যাট ওয়ান অনুষ্ঠানকে বলেছেন, এটি একটি ঐতিহাসিক রায়। তিনি বলেন, এই রায় আন্তর্জাতিক ন্যায়বিচারের অন্যতম সেরা মুহূর্তগুলোর মধ্যে, যেমন: নুরেমবার্গ, পিনোশে এবং অন্যান্য বিচারের কাতারেই স্থান পাবে।


এইচআরডব্লিউর প্রতিক্রিয়া :
মানবাধিকার সংগঠন এইচআরডব্লিউ বলেছে, আইসিজের এই রায় মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গারা যে দুর্ভোগ সহ্য করেছে, তার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি। সংস্থাটির জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, এই রায় বিশ^ জুড়ে গণহত্যা এবং অন্যান্য গুরুতর অপরাধে যারা ভুক্তভোগী, তাদের ন্যায়বিচারের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরো বলেন, মিয়ানমারের উচিত দ্রুত আদালতের এই রায় মেনে চলা এবং রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ করা এবং সংশ্লিষ্ট সরকারগুলোর উচিত মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় ফেরত পাঠানো নিশ্চিত করা। এদিকে রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হওয়ায় দেশটির সামরিক বাহিনীর ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনীতিকরা।  - বিবিসি, রয়টার্স

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)