ছবির ক্যাপশন:
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার আসামি নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজাউল হক শান্তি (৪৫) এবং কোরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলার আসামি রাসেল আলী ওরফে অনিক (২৯) রয়েছেন। এছাড়া চুরি মামলায় ইমন আলী (২০) ও ফাহিম রহমান আরাফাত (২০) গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা থানার মামলা নম্বর ০৮(০৬)২৬-এর সন্ত্রাসবিরোধী মামলায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ভগিরথপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে রেজাউল হক শান্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চুরি মামলার আসামি হিসেবে বিষ্ণুপুর গ্রামের মো. আশরাফুল আলীর ছেলে মো. ইমন আলী এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মো. সাইদুর হোসেনের ছেলে মো. ফাহিম রহমান আরাফাতকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, কোরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে দায়ের করা মামলা নম্বর ০৮(১১)২৬-এর আসামি দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামের মো. জয়নাল হকের ছেলে মো. রাসেল আলী ওরফে অনিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার চারজনকে চুয়াডাঙ্গার আদালতে পাঠানো হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার চার আসামিকে গতকালই চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
