নতুন ঘর পেলেন সাইকেলে গ্রামে গ্রামে ঘোরা শতবর্ষী আব্দুল বারী

ঘরের চাবি ও প্রয়োজনীয় আসবাব তুলে দিলেন ডিসি

আপলোড তারিখঃ 2026-11-17 ইং
নতুন ঘর পেলেন সাইকেলে গ্রামে গ্রামে ঘোরা শতবর্ষী আব্দুল বারী ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ১১৫ বছর বয়সে নতুন ঘর পেয়েছেন আব্দুল বারী। দীর্ঘদিন ধরে অন্যের জমিতে ছোট্ট একটি টিনের ঘরে বসবাস করা এই বৃদ্ধের হাতে গতকাল সোমবার ঘরের চাবি তুলে দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। শুধু ঘরই নয়, তাঁর স্বাচ্ছন্দ্যে বসবাসের জন্য শোবার ঘর, রান্নাঘর ও শৌচাগার নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় আসবাবপত্র ও নিত্যব্যবহার্য সামগ্রীও দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় এ ঘর নির্মাণ করা হয়।


গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামের তেলেম পাড়ায় আব্দুল বারীর কাছে নতুন ঘরের চাবি ও প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসিফ হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, ইউএনওর কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল আলম ও মোমিনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশাদুল হক।


একসময় সাইকেলের চাকা থামলেই থেমে যেত তাঁর জীবিকার পথ। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও জীবিকার তাগিদে প্রতিদিন সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন আব্দুল বারী। মানুষের ফেলে দেওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়া হাঁড়ি-পাতিল মেরামত করাই তাঁর পেশা। দিন শেষে কেউ দিতেন ১০ টাকা, কেউবা ২০ টাকা। সেই সামান্য আয় দিয়েই চাল-ডাল কিনে নিজের খাবার নিজে রান্না করতেন। এভাবেই চলছিল তাঁর একাকী জীবন।


গ্রামবাসীর কাছে তিনি পরিচিত ‘ঝালাইকার আব্দুল বারী’ নামে। নিজের বয়স ১১৫ বছর বলে দাবি করলেও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর জন্ম ১৯২৭ সালে। সে হিসাবে বর্তমানে তাঁর বয়স ৯৯ বছর। বয়সের ভারে স্বাভাবিক চলাফেরা কঠিন হয়ে পড়লেও কারও কাছে হাত পাততে চাননি তিনি। কাজ করে নিজের খাবার জোগাড় করাই ছিল তাঁর জীবনের প্রতিদিনের সংগ্রাম।


আব্দুল বারীর জন্ম ঝিনাইদহ জেলার দত্তনগর গ্রামে। একসময় ঘরজামাই হিসেবে চুয়াডাঙ্গায় আসেন তিনি। সংসারজীবনে দুই মেয়ের বাবা হলেও পাঁচ বছর আগে স্ত্রীর মৃত্যুতে একাকী হয়ে পড়েন। মেয়েদের নিজেদের সংসার চালাতেই হিমশিম খেতে হয়। ফলে বাবার দায়িত্ব নিয়ে তাঁকে নিজেদের কাছে রাখার সামর্থ্যও তাঁদের ছিল না। নিজের কোনো ভিটেমাটি না থাকায় মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামে অন্যের জমিতে ছোট্ট একটি টিনের ঘর তুলে বসবাস করছিলেন তিনি।
বৃদ্ধের এমন জীবনসংগ্রামের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের। বিভিন্নভাবে সহযোগিতাও আসতে শুরু করে। একপর্যায়ে বিষয়টি জেলা প্রশাসক লুৎফুন নাহারের নজরে এলে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাঁকে শুকনা খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। পাশাপাশি স্থায়ীভাবে বসবাসের উপযোগী একটি ঘর নির্মাণের প্রতিশ্রুতিও দেওয়া হয়। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এবার নতুন ঘর ও সংসারের প্রয়োজনীয় সামগ্রী পেলেন শতবর্ষী এই বৃদ্ধ।


জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, আব্দুল বারী চুয়াডাঙ্গা তথা দেশের অত্যন্ত প্রবীণ ব্যক্তিদের একজন। তাঁর কোনো ছেলে নেই, দুই মেয়ে রয়েছে। তাঁদের একজন অন্যত্র থাকেন। অন্যজন কাছাকাছি থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে বাবাকে নিজের কাছে রেখে দেখাশোনা করার সামর্থ্য নেই। বিষয়টি জানার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়।


জেলা প্রশাসক আরও বলেন, আব্দুল বারীর অবস্থা বিবেচনায় প্রথমেই তাঁর জন্য একটি বসবাসযোগ্য বাসস্থানের ব্যবস্থা করাকে গুরুত্ব দেওয়া হয়। জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ পাওয়া টিআর প্রকল্পের অর্থ থেকে ঘরটি নির্মাণ করা হয়েছে। সেখানে একটি শোবার ঘর, রান্নাঘর ও শৌচাগার রয়েছে। পাশাপাশি চৌকি থেকে শুরু করে পানি পান করার গ্লাস পর্যন্ত তাঁর দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সব সামগ্রী কিনে দেওয়া হয়েছে। একজন মানুষের স্বাভাবিকভাবে বসবাসের জন্য যা যা প্রয়োজন, সবকিছুর ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছে।


নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত আব্দুল বারী বলেন, ‘আমার অনেক ফুর্তি হচ্ছে, খুব ভালো লাগছে। যত দিন বেঁচে থাকব, যিনি আমার এই ঘরটি নির্মাণ করে দিয়েছেন, তাঁর কথা মনে থাকবে। এখন শান্তিতে বসবাস করতে পারব। তাঁর জন্য অনেক দোয়া করব।’


নতুন ঘর পেয়ে শতবর্ষী আব্দুল বারীর দীর্ঘদিনের অনিশ্চিত আবাসজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। যে মানুষটি জীবনের শেষ প্রান্তেও সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে নিজের আহারের ব্যবস্থা করতেন, তাঁর জন্য এখন অন্তত মাথা গোঁজার একটি স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা হলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)