ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ আহত ৭
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক ইউনুস আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে মোটরসাইকেল আরোহী সুমনা (১২) নামের শিশু। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উথলীর আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুমনাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ইউনুস আলীর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত ইউনুস আলী দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের বাজারপাড়ার মৃত রমজান আলীর ছেলে। আহত সুমনা খাতুন একই এলাকার ছফির মেয়ে। জানা গেছে, জীবননগরের আন্দুলবাড়িয়া পোষ্ট অফিসে চাকরির সুবাদে প্রতিদিন মোটরসাইকেলযোগে যাতায়াত করেন ইউনুস আলী। গতকাল আন্দুলবাড়িয়া থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি চন্দ্রবাস গ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এদিকে সুমনা খাতুন জীবননগরের একটি মাদ্রাসা থেকে বাড়ি আসার কথা থাকায় তাকে নিয়ে ইউনুস আলী চন্দ্রবাসের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে উথলীর আমতলী নামক স্থানে পৌছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দু’জনই গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় ইউনুস আলীকে মৃত ঘোষনা করেন জরুরী বিভাগে কর্তব্যরত ডা: কানিজ নাইমা। এদিকে, সুমনা খাতুন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। গতরাতে ইউনুসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়। আজ ময়নাতদন্ত শেষে দাফনকাজ সম্পন্ন হবে বলে জানা গেছে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার মোহাম্মাদজুমা গ্রামের মৃত আনছার আলীর ছেলে আইতাল হোসেন (৪৫), তার স্ত্রী চাইনা খাতুন (৩৫) ও আইতালের ভাই হাবিবের ছেলে রিসাদকে (৭) নিয়ে নিজ বাড়ী থেকে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে জামাইবাড়ীতে যাচ্ছিলেন। পথিমধ্যে খাসকররা রামদিয়া বাজারের অদূরে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাবেিকলের তিনজন আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার চুয়াডাঙ্গা বিজিবি হাসপাতালে নিলে শিশু রিসাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। অপর দুইজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
অপরদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সিন্ধুরিয়ার মাঝপাড়া গ্রামের আবু তালেবের ছেলে তোফাজ্জেল (৩৫) ও একই উপজেলার ডাঙ্গাপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মাজেদা খাতুন (৩৭) এবং তার ছোট ১০ বছরের ছেলে ইশতিয়াক আহম্মেদ তন্ময়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাফরপুর মসজিদের নিকটে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, তোফাজ্জেল, মাজেদা খাতুন ও তার ছেলে তন্ময় নুরনগর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে আলমসাধুযোগে আসছিলেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা জাফরপুর মসজিদের নিকটে পৌছালে হঠাৎ করেই সড়কের উপর একটি ছাগল চলে আসে। এসময় নিয়ন্ত্রন হারিয়ে আলমসাধুটি উল্টে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
