দর্শনা ও মহেশপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিজিবির সেক্টর কমান্ডার

সীমান্তের নিরাপত্তা ও তথ্য প্রদানে সহযোগিতা কামনা

আপলোড তারিখঃ 2026-11-13 ইং
দর্শনা ও মহেশপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিজিবির সেক্টর কমান্ডার ছবির ক্যাপশন:

সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তসংক্রান্ত সঠিক তথ্য আদান-প্রদানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। দেশের ভাবমূর্তি ও সম্মান অক্ষুণ্ন রাখতে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে বিজিবির সম্মেলনকেন্দ্রে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) আয়োজিত এ সভায় সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, চোরাচালান প্রতিরোধ, মাদক ও স্বর্ণ পাচার, সীমান্তের বিভিন্ন জটিলতা এবং সাংবাদিকদের সঙ্গে বিজিবির পারস্পরিক তথ্য আদান-প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন সীমান্তের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সীমান্তে কোনো ঘটনা বা অপরাধের তথ্য পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে দায়িত্বশীলভাবে তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট তথ্য বিজিবিকে জানানোর বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের ভাবমূর্তি রক্ষায় বিজিবি ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন এবং সীমান্তের প্রকৃত চিত্র তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, মাদক, স্বর্ণ পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।


দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কোনো দলীয় সংগঠনের নেতা-কর্মী কিংবা কোনো দুষ্কৃতকারী যেন সীমান্ত গলিয়ে ভারতে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও বিজিবি সতর্ক রয়েছে। সীমান্তবর্তী এলাকার মানুষকে চোরাচালান ও অবৈধ পারাপার থেকে দূরে রাখতে এবং অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের সভাপতিত্বে সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদসহ বিজিবি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা সীমান্তের বিভিন্ন সমস্যা, চোরাচালান, স্বর্ণ পাচার, মাদক প্রবেশসহ সীমান্তকেন্দ্রিক নানা জটিলতা তুলে ধরেন। এসব বিষয়ে বিজিবির সঙ্গে সাংবাদিকদের নিয়মিত যোগাযোগ ও তথ্য বিনিময়ের পরিবেশ আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এসময় বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সিনিয়র সাংবাদিক এম এ মামুন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


এদিকে, এর আগে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি। এসময় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এবং ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক শাকিবুর রহমান উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য ও অবৈধ পণ্য পাচার, মানবপাচার এবং সীমান্তকেন্দ্রিক বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিজিবির কার্যক্রম তুলে ধরা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)