চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভায় নানা আলোচনা

বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের ওপর গুরুত্বারোপ

আপলোড তারিখঃ 2026-11-13 ইং
চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভায় নানা আলোচনা ছবির ক্যাপশন:

ভোক্তা অধিকার সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে হোটেল-রেস্তোরাঁ, বেকারি, হাসপাতাল ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অনিয়ম প্রতিরোধে তদারকি জোরদার এবং ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।


গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবির। সভায় সহকারী কমিশনার ফাহাদ চৌধুরী গত মাসের সভার আলোচ্যসূচি ও সিদ্ধান্তগুলো তুলে ধরেন।


সভায় হোটেল-রেস্তোরাঁর খাবার তৈরিতে কাপড়ের রং এবং গবাদিপশুর জন্য ব্যবহৃত লবণ খাদ্যদ্রব্যে ব্যবহারের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। রান্নাঘরের পাশে বা কাছাকাছি ওয়াশরুম রাখার বিষয়টিও স্বাস্থ্যসম্মত নয় উল্লেখ করে এ ধরনের অনিয়ম বন্ধে তদারকির ওপর গুরুত্ব দেওয়া হয়। বেকারির শিশুদের জন্য তৈরি বিভিন্ন খাদ্যপণ্যে নকল বিএসটিআই সিল ব্যবহার করে বিক্রির অভিযোগের বিষয়টিও আলোচনায় আসে। এছাড়া শিশুদের আকৃষ্ট করতে খাদ্যপণ্যের সঙ্গে রাবার ও প্লাস্টিকের খেলনা দেওয়ার ক্ষেত্রে সেগুলোর নিরাপত্তা ও মান যাচাইয়ের প্রয়োজনীয়তার কথা বলা হয়।


হাসপাতাল এলাকায় হকার ও দোকানপাটের অনিয়ম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশিনিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, বাজার মনিটরিং এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এসব কার্যক্রমের পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।


এছাড়া চুয়াডাঙ্গা শহরের অধিকাংশ দোকান সপ্তাহে এক দিন বন্ধ রাখার কথা থাকলেও অনেক দোকান বন্ধ না থাকার বিষয়টি নিয়ে আলোচনা হয়। ব্যবসায়ীদের দোকান খোলা ও বন্ধের সময় পুনর্বিন্যাসের প্রস্তাবও ওঠে। এ ক্ষেত্রে সকালে দুই ঘণ্টা কমিয়ে রাতে দুই ঘণ্টা বাড়ানোর অনুরোধ জানানো হয়, যাতে ব্যবসায়ীদের সুবিধার পাশাপাশি ক্রেতাদের চাহিদার বিষয়টিও বিবেচনায় রাখা যায়।


সভায় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান, পুলিশ পরিদর্শক মনির হোসেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, মৎস্য উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক ইকবাল শরীফ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উদ্যান) দেবাশিস কুমার দাসসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)