ছবির ক্যাপশন:
কৃষি গবেষণাকে মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে এবং কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে হাতে নেওয়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর পাইলট প্রোগ্রাম ও উপযোগিতা যাচাই প্রকল্পে উঠেছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। চুয়াডাঙ্গা জেলায় এই প্রকল্পের নামমাত্র বরাদ্দের সুযোগ নিয়ে ব্যাপক স্বজনপ্রীতি, ভুয়া নম্বর ব্যবহার, এক ব্যক্তির নামে একাধিক বরাদ্দ এবং সার-বীজ ও কীটনাশক আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। খাতা-কলমে কৃষকের নামে বরাদ্দ থাকলেও বাস্তবে সার ও বীজ না পাওয়ার অভিযোগ করেছেন খোদ ভুক্তভোগী কৃষকরাই।
অনুসন্ধানে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা গ্রামের কৃষক ছানোয়ার হোসেনের নামে একাধিক বরাদ্দ দেখানো হয়েছে। তিনি বারি হলুদ-৪, বারি হলুদ-৫ এবং অন্য প্রোডাকশন প্রোগ্রাম থেকে বারি হলুদ-৪ ও বারি আলু-৯০ এর বীজ পাওয়ার কথা রয়েছে। এছাড়া তার নামে ৫২ কেজি ইউরিয়া, ৪৭ কেজি টিএসপি, ৪৫ কেজি এমওপি, ২৪ কেজি জিপসাম, ২ কেজি জিং সালফেট এবং ২.৪ কেজি বোরন ও বরিক এসিড বরাদ্দ রয়েছে। তবে ছানোয়ার হোসেনের দাবি, তিনি কোনো সারই পাননি।
তথ্য অধিকার আইনে আবেদন করে পাওয়া তথ্যে আরও বড় জালিয়াতির চিত্র বেরিয়ে এসেছে। অনেক কৃষকের নামের বিপরীতে যে নম্বর দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভুল বা ‘রং নম্বর’। হাটকালুগঞ্জের আসলাম উদ্দীন নামের এক ব্যক্তির ক্ষেত্রে এমনটিই ঘটেছে। আবার কোথাও মোস্তফা কামাল ও মোস্তফা আল সাকিব নামে দুই আলাদা ব্যক্তির অস্তিত্ব দেখানো হলেও অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, তারা দুজন ভিন্ন ব্যক্তি নন, বরং একই মানুষ। কিন্তু মোস্তফা আল সাকিবের নামের পাশে যে মুঠোফোন নম্বরটি দেওয়া হয়েছে, তা একটি ‘রং নম্বর’, আর মোস্তফা কামাল নামটিই তার নয়।
তবে মোস্তফা কামাল নামের পাশে যে নম্বরটি রয়েছে, সেটি তার আসল নম্বর। জালিয়াতির এমন অভিনব ধরন সংশ্লিষ্টদের হতবাক করেছে। এছাড়া দোস্ত গ্রামের প্রান্ত হোসেনের নামে সার ও বীজ বরাদ্দ থাকলেও তিনি সঠিক পরিমাণ বলতে পারেননি; তার ভাষ্য, কিছু সার ও বীজ দেওয়া হলেও সুনির্দিষ্ট পরিমাণ তার অজানা। পাননি কোনো কীটনাশক। তথ্য অধিকার আইনে পাওয়া তথ্যে বেশ কয়েকজনের নম্বর সম্পূর্ণ সংযোগহীন পাওয়া গেছে।
একই চিত্র আলমডাঙ্গা উপজেলায়। সেখানে লিমন নামের এক কৃষককে ‘আইটি প্রোগ্রাম’ ও ‘প্রোডাকশন প্রোগ্রাম’ উভয় মাধ্যম থেকেই বরাদ্দ দেওয়া হয়েছে। এমনকি একই পরিবারে তার ভাই সুমনকেও ‘আইটি প্রকল্প’ থেকে বরাদ্দ পাইয়ে দেওয়া হয়েছে। পারদূর্গাপুরের মতিয়ার রহমানের নামে প্রোডাকশন প্রোগ্রামের মাধ্যমে বরাদ্দ দেখানো হলেও তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, পারদূর্গাপুর গ্রামেই মাত্র ৮ জন ব্যক্তিকে বারবার সরকারি সুযোগ দেওয়া হচ্ছে। মাঠকর্মী রাসেল তরফদার তার আত্মীয়তার সুবাদে এবং স্থানীয় পরিচিতজনদের মাঝেই বার বার সরকারি সুবিধা সীমিত রাখছেন।
আলমডাঙ্গার কুলপালা গ্রামের কৃষক গোলাম মোস্তফার নামে খাতা-কলমে বিভিন্ন জাতের ওলকচুর বীজ এবং ২৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি টিএসপি, ২৩ কেজি এমওপি, ১০ কেজি জিপসাম, ১ কেজি জিং সালফেট, ১ কেজি বোরন ও বরিক এসিড এবং ১ কেজি ট্রাইকোডার্মা বরাদ্দ দেখানো হয়েছে। কিন্তু কৃষক গোলাম মোস্তফা স্পষ্ট ভাষায় জানান, তাকে কোনো বীজ বা সার দেওয়া হয়নি; বরং মাত্র ৩ হাজার টাকা দেওয়া হয়েছিল। একইভাবে পারদূর্গাপুর গ্রামের কৃষক হায়াত আলীর নামে বায়ো বিটি ২৫ প্যাক, বায়ো ম্যাক্স ১.২, ইসি ১০টি, ট্রাইকোডার্মা ৫ কেজি এবং সার ও বীজ বরাদ্দ দেখানো হলেও তিনি জানান, তার নিজস্ব বীজ থাকায় বীজ লাগেনি এবং সার পেলেও কোনো কীটনাশক তাকে দেওয়া হয়নি।
জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের ৬ জন কৃষকের নামেই বরাদ্দ দেখানো হয়েছে, যেখানেও উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাসেল তরফদারের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। সেখানেও কেউ সার পেলেও বীজ পাননি, আবার কেউ বীজ পেলেও কীটনাশক থেকে বঞ্চিত হয়েছেন; আবার কাউকে দেওয়া হয়েছে প্রয়োজনের তুলনায় অনেক কম পরিমাণ। দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের সাতজন, উজিরপুর গ্রামের তিনজন এবং কুতুবপুর গ্রামের ছয়জন কৃষকের ক্ষেত্রেও একই ধরনের অনিয়মের চিত্র দেখা গেছে- কেউ বীজ পাননি, কেউ কীটনাশক বা সার থেকে বঞ্চিত হয়েছেন।
অভিযোগের তীর যার দিকে, সেই চুয়াডাঙ্গার দায়িত্বে থাকা বৈজ্ঞানিক সহকারী রাসেল কবীর তরফদার তার দীর্ঘদিনের পদায়ন ও স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একই পরিবারে দেওয়া যাবে না, এমন কোনো বিধি নেই। তাছাড়া চুয়াডাঙ্গার জন্য বরাদ্দ খুবই অল্প। একইজন প্রত্যেক বছর পেলে কোনো ক্ষতি নেই, কারণ এমন কোনো আইন নেই যে একই ব্যক্তি বারবার পেতে পারবে না। আমরা যেটা করেছি, ভালো কাজ হয়েছে।’ কৃষকদের সার-বীজ না পাওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেছেন।
তবে এ বিষয়ে প্রকল্পের পরিচালক ড. মো. মতিয়ার রহমান বলেন, ‘চুয়াডাঙ্গা জেলায় বরাদ্দ খুবই কম। অল্প বরাদ্দ সেখানাকার ছেলে রাসেল কবীর তরফদার বিতরণ করেন। যদি এমন হয়ে থাকে যে কোনো অনিয়ম হয়েছে, তবে আমরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
