চুয়াডাঙ্গায় সুজনের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই যুগপূর্তি উৎসব

আরও গতিশীলভাবে কাজ করার প্রত্যয়

আপলোড তারিখঃ 2026-11-13 ইং
চুয়াডাঙ্গায় সুজনের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই যুগপূর্তি উৎসব ছবির ক্যাপশন:

সুজন-সুশাসনের জন্য নাগরিক প্রতিষ্ঠার দীর্ঘ ২৪ বছরের অভিযাত্রা উদ্যাপনে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই যুগ পূর্তি উৎসব। ‘সুশাসন ও জনসচেতনতাই উন্নয়নের মূল চাবিকাঠি’- স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় বুদ্ধিজীবী এবং গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় শহরের স্বনামধন্য গণমাধ্যম ‘দৈনিক সময়ে সমীকরণ’-এর কার্যালয়ের মিলনায়তনে কেক কাটা ও বিশেষ আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সিদ্দিকুর রহমান। জেলা কমিটির কোষাধ্যক্ষ ও সাংবাদিক মেহেরাব্বিন সানভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী। স্বাগত বক্তব্য দেন সুজনের জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম। বক্তারা তাঁদের বক্তব্যে সুশাসন নিশ্চিতকরণ, তৃণমূল পর্যায়ে জবাবদিহিতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শাণিত করার ওপর বিশেষ জোর দেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজনের জেলা সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান জোয়ার্দ্দার, এস এম জাহিদ ইকবাল, সহসভাপতি জিয়াউর রহমান এবং কার্যনির্বাহী সদস্য লিজা হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা পর্ব শেষে কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র‌্যালি) বের করা হয়। র‌্যালিটি চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়। পরে কেক কেটে সুজনের দুই যুগের সফল পথচলাকে স্মরণ করা হয় এবং আগামী দিনে আরও গতিশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


সভাপতির বক্তব্যে সুজন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি প্রফেসর সিদ্দিকুর রহমান বলেন, ‘একটি শোষণমুক্ত, দুর্নীতিহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে সুজনের যাত্রা শুরু হয়েছিল, দীর্ঘ ২৪ বছর ধরে সেই লক্ষ্য অর্জনেই নিরলস কাজ করে যাচ্ছে সংগঠনটি। বর্তমান প্রেক্ষাপটে সুশাসন কেবল একটি শব্দ নয়, এটি দেশের সামগ্রিক অগ্রগতির পূর্বশর্ত। আজ জেলা পর্যায়ে সুজনের এই দীপ্ত পদচারণা প্রমাণ করে যে, সাধারণ মানুষ এখন তাদের অধিকার ও সুশাসনের ব্যাপারে অনেক বেশি সচেতন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমাদের তরুণ সমাজ ও সচেতন নাগরিকদের সোচ্চার হওয়ার এখনই উপযুক্ত সময়। আগামী দিনগুলোতে দেশের প্রতিটি সেক্টরে স্বচ্ছতা নিশ্চিত করতে সুজন রাজপথে এবং জনসচেতনতামূলক কার্যক্রমে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)