ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে রাতের বেলায় শিক্ষার্থীদের অবাধ চলাচল নিয়ন্ত্রণ, দোকানপাট বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গতকাল বুধবার রাতে পরিচালিত এ অভিযানে দুই অপ্রাপ্তবয়স্ক ছেলে ও দুই মেয়েকে আটক করা হয়। এ ছাড়া একটি মোটরসাইকেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে সরকারি কলেজের সামনে অবস্থিত সব দোকান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেন অতিরিক্ত জেলা প্রশাসক। একই সঙ্গে রাতে শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে অবস্থান ও অবাধ চলাচল নিরুৎসাহিত করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযানের একপর্যায়ে রাত ১০টার দিকে কলেজের সামনে দুই ছেলে ও দুই মেয়েকে ঘোরাফেরা করতে দেখে তাঁদের পরিচয় জানতে চান অতিরিক্ত জেলা প্রশাসক। এ সময় তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন। পরে বিয়ের কাবিননামা দেখতে চাইলে তাঁরা এর পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। তাঁরা শহরের একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছেন বলেও জানান।
পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের পরিবারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন অতিরিক্ত জেলা প্রশাসক। তবে তাঁদের অভিভাবকদের কেউ ফোন রিসিভ করেননি। পরে চারজনের বক্তব্যে অসংগতি পাওয়া যায়। যাচাই-বাছাইয়ে তাঁরা সবাই অপ্রাপ্তবয়স্ক বলে জানা যায়। এ অবস্থায় তাঁদের বিরুদ্ধে বাল্যবিবাহ নিরোধ আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক।
পরে দুই ছেলেকে থানা হেফাজতে এবং দুই মেয়েকে বাসায় পাঠানোর ব্যবস্থা করা হয়। তাঁদের বক্তব্য ও বিয়ের দাবির সত্যতা যাচাইয়ের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগের কথা জানান এডিসি।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, অভিযানে একটি মোটরসাইকেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দুই অপ্রাপ্তবয়স্ক ছেলে ও দুই মেয়েকে পাওয়া যায়। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিলেও তাঁদের বক্তব্য ও কাগজপত্রের মধ্যে কোনো মিল পাওয়া যায়নি। পরিবারের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, রাতেই দুই ছেলেকে থানা হেফাজতে এবং দুই মেয়েকে বাসায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল (আজ) বৃহস্পতিবার সকালে তাঁরা যে ভাড়া বাসায় থাকেন, সেই বাড়ির মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। কীসের ভিত্তিতে অপ্রাপ্তবয়স্কদের বাসা ভাড়া দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও ডাকা হবে। অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দেওয়ার সঙ্গে কোনো কাজি জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুরক্ষা, কিশোর-কিশোরীদের নিরাপত্তা এবং রাতের বেলায় অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
