ছবির ক্যাপশন:
দামুড়হুদায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মশাল মিছিলের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এসময় মশাল মিছিলে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে পুলিশ প্রশাসনকে আল্টিমেটাম দেন বিএনপি নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটি বিক্ষোভ মিছিলের রূপ নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতা-কর্মীরা। সেখানে বক্তারা সাম্প্রতিক মশাল মিছিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
বিএনপি নেতাদের অভিযোগ, গত মঙ্গলবার ১০ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নেতৃত্বে চুয়াডাঙ্গা ফ্যান্টাসির সামনের এলাকায় একটি মশাল মিছিল বের করা হয়। পরে ওই মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাঁদের দাবি, শান্ত পরিবেশ অস্থিতিশীল করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এ কর্মসূচি পালন করা হয়েছে।
প্রতিবাদ সমাবেশে দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, ‘দামুড়হুদার শান্ত পরিবেশকে অশান্ত করার লক্ষ্যে আগুন হাতে মিছিল বের করে একটি মহল পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। সময় দেওয়া হলো, এর মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুল হক সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
