ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া-আসমানখালী সড়কের শালিকা নামক স্থানে ঝুঁকিপূর্ণ কালভার্টটি যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে কালভার্টটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন যানবাহনের চালকরা। যেকোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসী।
গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু কালভার্টটির ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে চালকদের চরম সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় কালভার্টটি পার হতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
এ বিষয়ে শালিকা গ্রামের বাসিন্দা উজ্জ্বল হোসেন, পথচারী রকিবুল হাসান এবং বাসচালক শিমুল কালভার্টটির ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের মতে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনা ঘটার পর নয়, বরং দুর্ঘটনার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ঝুঁকিপূর্ণ কালভার্টটি দ্রুত পরিদর্শন করে সেখানে নতুন কালভার্ট নির্মাণের ব্যবস্থা করতে হবে।
এ অবস্থায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী ও যানবাহন চালকরা। জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত নতুন কালভার্ট নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা। এলাকাবাসীর প্রশ্ন- বড় কোনো দুর্ঘটনা কিংবা প্রাণহানির ঘটনার পরই কি কর্তৃপক্ষের টনক নড়বে? নাকি আগেভাগেই নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা?
