ছবির ক্যাপশন:
খুলনা বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ প্রধান হিসেবে নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করায় হাজী দেলোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন পরিষদ। গতকাল বুধবার বেলা একটার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সী মোহাম্মদ এমদাদুল হক, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহা. আমিরুল ইসলাম এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য লিমন হোসেন রাজা, হেলাল উদ্দীন, সাইদুর রহমান, আলতাফ হোসেন, লালন উদ্দীন, বিপ্লব, আব্দুল বারী, কালিমুদ্দিন ও শিউলি আক্তার।
অনুষ্ঠানে বক্তারা হাজী দেলোয়ার হোসেনের এ গৌরবোজ্জ্বল অর্জনে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। তাঁরা তাঁর দীর্ঘদিনের কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, তাঁর এ অর্জন গাংনী ইউনিয়ন পরিষদসহ পুরো এলাকার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাঁর এই সাফল্য অন্য গ্রাম পুলিশ সদস্যদেরও দায়িত্ব পালনে উৎসাহিত করবে।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর ২০২৬ তারিখে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রথমবারের মতো আয়োজিত ঐতিহাসিক ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’-এ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ প্রধানের পুরস্কার গ্রহণ করেন হাজী দেলোয়ার হোসেন। তাঁর এ সম্মানজনক অর্জনে গাংনী ইউনিয়ন পরিষদ ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
