ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় পূর্ববিরোধের জেরে বাপ্পি (৩৫) নামে এক ব্যক্তিকে দলবদ্ধভাবে পিটিয়ে জখম ও গরু বিক্রির ১ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বেলগাছি গ্রামের মালিথাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ মে বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে বাপ্পির সঙ্গে অভিযুক্তদের বিরোধ সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়। তবে ওই বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যায় আনিসের মুদি দোকানে মালামাল দিতে গেলে অভিযুক্তরা তাঁর পথরোধ করে। একপর্যায়ে বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে। এতে তাঁর ডান চোখের নিচে কেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
বাপ্পির অভিযোগ, মারধরের একপর্যায়ে তাঁর কাছে থাকা গরু বিক্রির ১ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগে অভিযুক্তরা হলেন- বেলগাছি মালিথাপাড়ার বাবু (২০), শফি উদ্দিন (৫২), জিয়াম (২২), কনক (১৮), রাকিব (১৮) ও শুভ (২০)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। বাপ্পি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
