শেখ হাসিনা ফিরলেই ফাঁসি

আপলোড তারিখঃ 2026-11-11 ইং
শেখ হাসিনা ফিরলেই ফাঁসি ছবির ক্যাপশন:

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা। এরই মধ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে তিনি আবেদন করেছেন বলে জানা গেছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শেখ হাসিনা যেহেতু দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, তাই তার নামে পাসপোর্ট কিংম্বা এনআইডি সরবরাহের সুযোগ নেই। এমনকি ট্রাভেলপাসও দেওয়ার আইনগত সুযোগ নেই। কেবলমাত্র বন্দি প্রত্যার্পণের মাধ্যমেই তার মতো সাজাপ্রাপ্ত আসামি দেশে আসতে পারবেন।


এ ছাড়া শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। বিএনপির সংসদীয় দলের সভায় হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ কথা বলেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া আর কোনো বিকল্প নেই।
সম্প্রতি এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। রয়টার্স আরও জানায়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা। ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনার এ পদক্ষেপকে তার বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।


দেশে ফিরলেই ঝুলতে হবে ফাঁসিতে:
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২৫ সালের ১৭ নভেম্বর ওই মামলার রায় হয়। সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, দণ্ডিত পলাতক হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই।


দণ্ডিত ও দেশের বাইরে পলাতক থাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার আইনগত সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, আইন পরিষ্কারভাবে বলে দিয়েছে- ন্যূনতম দুই বছরের সাজা হলে তাকে আর পাসপোর্ট দেওয়া যাবে না। অতএব, পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট ইস্যু করার আইনগত কোনো সুযোগ নেই। একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস ইস্যু করা হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলাকালে তিনি সেই বিচার এড়িয়ে গেছেন উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, বিচার মোকাবিলা করতে আসেননি। রায় প্রকাশিত হওয়ার পরও তিনি আপিল করেননি। ভবিষ্যতে তার আর আপিল দায়েরের আইনগত সুযোগ নেই। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে সে জন্য তাকেই ভারত সরকারকে লিখিতভাবে জানাতে হবে। কিন্তু আজ পর্যন্ত তিনি ভারত সরকারের কাছে লিখিতভাবে কিছু জানিয়েছেন বলে আমাদের জানা নেই। তিনি আরও বলেন, শেখ হাসিনার কখনোই সত্যিকার অর্থে বাংলাদেশে আসার সদিচ্ছা ছিল না, এখনো নেই। সদিচ্ছা থাকলে তিনি মামলা চলাকালে দেশে এসে তা মোকাবিলা করতেন। রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশে এসে আপিল দায়ের করতেন।


এদিকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা যেহেতু নিজেই আসতে চাইছেন, সুতরাং প্রত্যর্পণ আইনে সরকার কোনো জটিলতা দেখছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘আমরা ওনাকে প্রত্যর্পণ করতে চাই। ওনাকে ধরে আনতে চাই। এখন উনি তো নিজেই আসতে চান। তার মানে ওনার তো কোর্টে যাওয়ার দরকার নেই। উনি বলবেন আমাকে প্রত্যর্পণ করে দাও সুতরাং প্রত্যর্পণ নিয়ে যে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না।’


পলাতক আসামির পাসপোর্ট আবেদনের সুযোগ নেই:
আত্মসমর্পণ না করা পর্যন্ত কোনো পলাতক আসামি পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার মতে, বাতিল হওয়া পাসপোর্ট পুনরায় পাওয়ার জন্য নতুন করে আবেদন করার সুযোগ নেই; এ ক্ষেত্রে আইনি প্রতিকার হিসেবে আপিল করতে হবে। শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার পাসপোর্ট নিয়ে চলমান আলোচনার বিষয়ে শিশির মনির বলেন, মানবিক বিবেচনা ও বাংলাদেশে নিরাপত্তার হুমকির কারণে ভারত সরকার তাকে শর্তসাপেক্ষে আশ্রয় দিয়েছে। ভারত সরকার নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন না করলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের প্রসঙ্গ তুলে এই আইনজীবী জানান, গত বছরের ৭ জানুয়ারি তার পাসপোর্ট বাতিল করা হয়। আইন অনুযায়ী, কারও পাসপোর্ট বাতিল হলে সেটি পুনরায় পাওয়ার জন্য নতুন আবেদন করার পরিবর্তে আপিল করতে হয়। কিন্তু শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে এ ধরনের কোনো আপিল করা হয়নি বলে জানান তিনি। শিশির মনির বলেন, পলাতক কোনো আসামি আইনের আশ্রয় নিয়ে কোনো আবেদন করতে পারেন না। আইনি প্রক্রিয়ায় আবেদন করতে হলে তাকে প্রথমে আত্মসমর্পণ করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আরও ছয়টি মামলা বিচারাধীন। এর মধ্যে দুটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে ও চারটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। সবকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)