ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর হাফিজিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি আলিম উদ্দিরেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারদী এম এস জোহা ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মা সন্তানের প্রথম শিক্ষক। তাই সন্তানদের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুন্দর চরিত্র গঠনের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। সন্তানদের নিয়মিত পড়াশোনার খোঁজখবর রাখা এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, একটি আদর্শ সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক ও মায়েদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদুল মালিথা ও সুলতান বিডিআর। এছাড়া অভিভাবক সদস্য মুহিদুল ইসলাম, সাগর আলী, আক্তার আলী, শিপলু, সুজন আরমি, জামাল উদ্দিন, আনসার আলী, হাবিবুর, মিনারুল, সাইফুল, নজরুল ব্যাপারী, মুসা মালিথাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, নিয়মিত উপস্থিতি এবং সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে মায়েদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
