ছবির ক্যাপশন:
‘জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হন’ প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে শহীদুল্লাহ বেবিকে সভাপতি এবং ডা. শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে জেলা জাসদের আয়োজনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের সাবেক সংসদ সদস্য ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল)-এর সাবেক সভাপতি গৌতম শীল। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এবং জীবননগর উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদসহ দলীয় নেতা-কর্মীরা।
তিনটি অধিবেশনে কাউন্সিলের কার্যক্রম সম্পন্ন হয়। প্রথম অধিবেশনে অতিথিদের আসন গ্রহণ, সভাপতির বক্তব্য, শোক প্রস্তাব পাঠ এবং শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় নেতৃত্ব নির্বাচন। তৃতীয় অধিবেশনে প্রধান অতিথি সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন।
কাউন্সিলের নির্বাচনে সভাপতি হিসেবে শহীদুল্লাহ বেবি, সাধারণ সম্পাদক হিসেবে ডা. শরিফুল ইসলাম এবং সদস্য হিসেবে আব্দুর রশিদ, জামাল উদ্দিন ও ইসমাইল হোসেন নির্বাচিত হন।
আয়োজক সূত্রে জানা গেছে, কাউন্সিলে অংশ নেওয়া ১৭ জন কাউন্সিলরের সরাসরি ও গোপন ভোটে পাঁচ সদস্যের এই নেতৃত্ব নির্বাচন করা হয়। পরে নির্বাচিত পাঁচজনের আলোচনার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারণ করা হয়। আগামী সাত দিনের মধ্যে নবনির্বাচিত নেতারা সভা করে ৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করবেন।
