নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল

‘যেকোনো অপতৎপরতা জাতীয়তাবাদী দল প্রতিহত করবে’

আপলোড তারিখঃ 2026-11-06 ইং
নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান লেখানোর অভিযোগ এবং নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে নেতা-কর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।


এর আগে সাহিত্য পরিষদ চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু। তিনি বলেন, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আবারও সংগঠিত হয়ে রাজপথে আসার চেষ্টা করছে। তাদের যেকোনো অপতৎপরতা মোকাবিলায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ রয়েছে। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে জাতীয়তাবাদী দল তা প্রতিহত করবে।


সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান লেখানোর ঘটনার প্রসঙ্গ টেনে সফিকুল ইসলাম পিটু বলেন, বিষয়টিকে ছোট করে দেখার সুযোগ নেই। শিক্ষার্থীদের দিয়ে এ ধরনের কর্মকাণ্ডের পেছনে কারা ইন্ধন দিয়েছে, তা খুঁজে বের করতে হবে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ বা শিক্ষকদের কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখতে হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।


সমাবেশে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত ও সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হাসান কাকন।


এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. এ. তালহা, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সাবেক যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান ও সাইমুজ্জামান মিশা, ইকবাল হোসেন, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, যুগ্ম আহ্বায়ক রায়হানুল কাজল ও আবদুল্লাহ আল মামুন মেহেবুব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম. এ. হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান এবং যুগ্ম আহ্বায়ক মহাসিন আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)