ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে

স্কুলব্যাগ ও ক্রীড়া-সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2026-11-05 ইং
ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী সচেতনতা ও শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ ও বিভিন্ন ক্রীড়া-সামগ্রী তুলে দেওয়া হয়।


ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাজিবুল হক রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান।


প্রধান অতিথির বক্তব্যে টিপু সুলতান বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি শিক্ষিত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের সতর্ক থাকতে হবে।


তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই। সরকারি অনুদানে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও ক্রীড়া-সামগ্রী বিতরণের উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের আয়োজন তাদের পড়াশোনা ও খেলাধুলায় উৎসাহিত করবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


সভাপতির বক্তব্যে সাজিবুল হক রাজন বলেন, শিক্ষার্থীদের শুধু সুশিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধেও গড়ে তুলতে হবে। বর্তমান সময়ে মাদক তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।


তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। এতে তারা মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকবে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদুল হক ঝণ্টু, যুবদল নেতা মুকুল উজ্জামান মিলন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য তরিকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীরা।


অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। উপহারসামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এসময় বক্তারা নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ এবং মাদকমুক্ত জীবন গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)