ছবির ক্যাপশন:
দর্শনার পারকৃষ্ণপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও অনুমোদনহীনভাবে চিকিৎসা দেওয়ার অভিযোগে আলিফ ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ফার্মেসি থেকে দুই বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ফার্মেসির মালিক আবুল কালাম আজাদকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে ওই ফার্মেসি থেকে দেওয়া ওষুধ সেবনের পর এক মাস বয়সী শিশু রাব্বি হাসান গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতভর চিকিৎসার পর বর্তমানে শিশুটি অনেকটাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার বেগমপুর ইউনিয়নের ডিহিকৃষ্ণপুর গ্রামের আসাদুজ্জামান আসাদের স্ত্রী জামেনা খাতুন সন্তান প্রসবের পর থেকে বাবার বাড়ি দর্শনার পারকৃষ্ণপুরে অবস্থান করছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁর এক মাস বয়সী শিশু সন্তান অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য পারকৃষ্ণপুর বাজারের আলিফ ফার্মেসিতে যান তিনি। এসময় ফার্মেসির মালিক আবুল কালাম আজাদ শিশুটিকে ওষুধ দেওয়ার পাশাপাশি দুটি মেয়াদোত্তীর্ণ সিরাপ দেন বলে অভিযোগ উঠেছে।
ওষুধ সেবনের পর শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে চুয়াডাঙ্গার একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক ভুল চিকিৎসা ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়টি বুঝতে পেরে প্রাথমিক চিকিৎসা দেন এবং শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। সেখানে রাতভর চিকিৎসার পর শিশুটির অবস্থার উন্নতি হয়।
ঘটনাটি শিশুটির বাবা আসাদুজ্জামান দামুড়হুদা উপজেলা প্রশাসনকে অবহিত করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন আলিফ ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় ফার্মেসিটি তল্লাশি করে দুই বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। ফার্মেসির কাগজপত্র যাচাইয়ের সময় মেয়াদোত্তীর্ণ ফার্মেসির লাইসেন্স পাওয়া গেলেও চিকিৎসা দেওয়ার কোনো অনুমোদনপত্র দেখাতে পারেননি মালিক আবুল কালাম আজাদ।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাজ্জাদ হোসেন তাকে ৯ হাজার টাকা অর্থদণ্ড করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
