ছবির ক্যাপশন:
দর্শনায় পূর্বশত্রুতার জের ধরে পৌর যুবদলের সদস্য সুলতান (৪২) ও আব্দুস সালাম (৪৫) নামে দুই ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁদের কুপিয়ে ও মারধর করে রক্তাক্ত জখম করা হয়। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা রেলবাজারের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুলতান দর্শনা পৌর এলাকার আনোয়ারপুর (হঠাৎপাড়া) গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তিনি দর্শনা পৌর যুবদলের সদস্য। অপর আহত আব্দুস সালাম একই এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে দর্শনা বেলেমাঠপাড়ার মিজানুর রহমানের ছেলে ওয়াসিম (২৬), নাদিম আকাশসহ কয়েকজন সুলতান ও সালামের ওপর অতর্কিত হামলা চালান। এসময় সুলতানকে কুপিয়ে ও দুজনকেই মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় সুলতানকে দর্শনার তরফদার ক্লিনিকে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, মারধরের শিকার আব্দুস সালাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
এ বিষয়ে দর্শনা পৌর যুবদলের সভাপতি ফারুক হোসেন বলেন, সুলতান পৌর যুবদলের সদস্য। তবে হামলায় জড়িত ব্যক্তিরা দলের কেউ নন। এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় দর্শনা থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, দর্শনার ফুলতলায় মারামারির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। নাদিম নামে একজনসহ কয়েকজন সুলতান নামে এক ব্যক্তিকে মারধর করেছেন। তবে এ ঘটনায় তিনি এখনো কোনো লিখিত অভিযোগ পাননি।
