চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে সংগীত, আবৃত্তি ও নাটক পরিবেশনা

কবির কালজয়ী সৃষ্টি ও পরিবেশনা উপভোগ করলেন দর্শক-শ্রোতারা

আপলোড তারিখঃ 2026-10-30 ইং
চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে সংগীত, আবৃত্তি ও নাটক পরিবেশনা ছবির ক্যাপশন:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, প্রেম, বিদ্রোহ ও সৃষ্টিশীলতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চুয়াডাঙ্গায় চলছে সাত দিনব্যাপী নজরুল উৎসব। উৎসবের পঞ্চম দিনেও সংগীত, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ। কবির কালজয়ী সৃষ্টি ও জীবনদর্শনভিত্তিক পরিবেশনা উপভোগ করেন দর্শক-শ্রোতারা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নাটক ‘রিক্তের বেদন’। ‘জাগো নব সৃষ্টির মহানন্দে’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব।


আজ শুক্রবার উৎসবের ষষ্ঠ দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য পরিবেশনার আয়োজন রয়েছে। সাহিত্য পরিষদ চুয়াডাঙ্গা ও অনির্বাণ, দর্শনার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চুয়াডাঙ্গা জেলা সংসদের পরিবেশনায় কবির ‘মানুষ’ কবিতা অবলম্বনে নাটক মঞ্চস্থ হবে। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় থাকবেন আদিল হোসেন।


এদিকে, আগামী ৩১ অক্টোবর উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর। তাঁকে ঘিরে সমাপনী আয়োজনকে আরও বর্ণিল করতে জেলার সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ।


গতকাল বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৩১ অক্টোবর নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই দিনের আয়োজনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাই সমাপনী অনুষ্ঠানকে সামনে রেখে জেলার সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের আরও ভালো প্রস্তুতি নিতে হবে। চুয়াডাঙ্গার সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পীদের সক্ষমতা তুলে ধরতে তিনি সেদিন জেলার সেরা পরিবেশনা উপহার দেওয়ার আহ্বান জানান।
শরীফুজ্জামান শরীফ আরও বলেন, সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে জেলার শিল্পকলা ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সেখানে সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা তাঁদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরতে পারবেন।


গতকাল বৃহস্পতিবারের আয়োজনে মঞ্চস্থ ‘রিক্তের বেদন’ নাটকটির নাট্যরূপ দেন বজলুর রহমান জোয়ার্দ্দার। নির্দেশনায় ছিলেন হিরন-উর-রশিদ শান্ত এবং প্রযোজনায় ছিল অরিন্দম সাংস্কৃতিক সংগঠন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন দেলোয়ার হোসেন বাপ্পী, সুমিতা দে, জান্নাতুল নাইমা রিপা, স্বস্তিকা হালদার, মজিবুল হক সোনা, জাহিদুল ইসলাম জনি, মনিরুজ্জামান মানিক, মেহেদী হাসান জীবন, মুছাব আলী, তানজিল, আইয়ুব হোসেন, সাবিনা ইয়াসমিন চম্পাসহ অন্য শিল্পীরা। নাটকটির আলোক পরিকল্পনায় ছিলেন শামীম সাগর। আলো প্রক্ষেপণে হাসান আলী, শব্দ প্রক্ষেপণ ও আবহ সংগীতে হিরন-উর-রশিদ শান্ত, মেকআপে আব্দুস সালাম সৈকত।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, ডিইজি অ্যাডভোকেট হেমায়েতউল্লাহ বেল্টু, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিক এবং পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক হেমন্ত কুমার সিংহ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি পরিষদের পরিচালক মনোয়ারা খুশি।


সাত দিনব্যাপী এ উৎসবে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে সংগীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনায় অংশ নিচ্ছে। আগামী ৩১ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে নজরুল উৎসব। সমাপনী আয়োজনকে ঘিরে জেলার সাংস্কৃতিক অঙ্গনের কর্মী, শিল্পী ও দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)