ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে এক কৃষকের গোয়ালঘর থেকে রাতের আধারে বাছুরসহ একটি গাভীগরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে কৃষক জাহাঙ্গীর আলমের প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের মুনছুর আলির ছেলে জাহাঙ্গীর আলম প্রতিদিনের ন্যায় গরু গোয়ালঘরে রেখে ঘুমাতে যান। ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় তিনি গোয়ালঘরে গিয়ে দেখেন গরু নেই। পরে তার ডাকচিৎকারে এলাকাবাসীর সহযোগিতায় গ্রামের আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলো পাওয়া যায়নি।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
