ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ গ্রাম গাঁজাসহ মাহফুজ শেখ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে বিজ্ঞ আদালত তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সদর থানা এলাকায় অভিযান চালায়।
এসময় চুয়াডাঙ্গা বড় বাজারের লোটো শোরুমের সামনে পাকা রাস্তা থেকে মাহফুজ শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার (মহিলা মাদ্রাসার পাশে) মৃত নজরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁর দেহ তল্লাশি করে পরিহিত কালো জিনসের প্যান্টের সামনের বা পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার ওজন দুই গ্রাম এবং আনুমানিক মূল্য ২০০ টাকা। পরে জব্দ তালিকা প্রস্তুত করে মাদকদ্রব্যটি জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) ও ৩৬(৫) ধারায় ব্যবস্থা নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সামারি ট্রায়ালের জন্য তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
