জীবননগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

আপলোড তারিখঃ 2026-10-29 ইং
জীবননগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালন ছবির ক্যাপশন:

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গার জীবননগরে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং এ বিষয়ে জনসাধারণকে সচেতন করতে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালন করা হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সামনে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতেকলমে দেখানো হয়। এসময় নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব ও উপকারিতা তুলে ধরা হয়।


পরে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। সভাপতির বক্তব্যে ইউএনও সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, শরীর সুস্থ ও রোগমুক্ত রাখতে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। দৈনন্দিন কাজকর্মের সময় হাতে লেগে থাকা জীবাণু মুখ, চোখ ও নাকসহ বিভিন্ন মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। এর ফলে ডায়রিয়াসহ নানা মারাত্মক রোগ হতে পারে।


তিনি আরও বলেন, এসব রোগের জীবাণু প্রতিরোধে পরিষ্কার পানি ও সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। বিশেষ করে খাওয়ার আগে ও পরে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, জীবননগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. খালেদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার শামছুল আফরিন, সমাজসেবা অফিসার জাকির উদ্দিন, সমবায় অফিসার নুর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইভা, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)