ছবির ক্যাপশন:
দর্শনায় মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বিপ্লব (১৫) নামের একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সড়কের স্টার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের আবু তালেবের ছেলে বিপ্লব (১৫), জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের মেহেরুলের ছেলে ইব্রাহীম, একই উপজেলার খয়েরহুদা গ্রামের রমজানের ছেলে সায়েম এবং আকন্দবাড়িয়া গ্রামের পাখিভ্যানচালক আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনা বাসস্ট্যান্ডের দিক থেকে চালকসহ তিনজন আরোহী নিয়ে আসা মোটরসাইকেলটির সঙ্গে চেকপোস্টের দিক থেকে আসা পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাখিভ্যানচালকসহ চারজন আহত হন। দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
দর্শনা ফায়ার সার্ভিসের লিডার মাসুদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বিপ্লব নামের একজনের অবস্থা গুরুতর।
