ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে খোকন মালিতা নামের এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পরে তাঁকে একটি আমগাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে কৌশলে পালিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে হাসপাতালে যান তিনি। খোকন মালিতা আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের খাসবাগুন্দা গ্রামের মৃত জুলমত আলী মালিতার ছেলে।
খোকনের অভিযোগ, বাড়ির বাইরে ডেকে নিয়ে ছয় ব্যক্তি তিনটি মোটরসাইকেলে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁকে মোটরসাইকেলে তুলে নেন। এসময় তিনি অপরাধের কারণ জানতে চাইলে তাঁকে ক্যাম্পে গিয়ে জানানো হবে বলে জানানো হয়। পথে তাঁর মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয়, ফলে কোথায় নেওয়া হচ্ছে, তা বুঝতে পারেননি তিনি।
খোকনের দাবি, পরে তাঁকে একটি স্থানে নিয়ে আমগাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। এসময় তাঁকে গুলি ও কুপিয়ে হত্যার কথাও বলেন অভিযুক্ত ব্যক্তিরা। মাথায় আঘাতের পর হেলমেট খুলে গেলে তিনি নদী দেখতে পান। একপর্যায়ে একজনের জামা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলে সেখান থেকে দৌঁড়ে পালান তিনি।
পরে আশপাশের লোকজনকে নিজের শ্বশুরবাড়ির পরিচয় দিলে স্থানীয়রা এগিয়ে আসেন। তাঁদের সহায়তায় ভ্যানে করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরিবারের লোকজন জানান, খোকন একজন কৃষক, মাঠে কাজ করে। কারো সাথে কোন শত্রুতাও নেই। কে বা কারা কি কারণে এমন করলো তা জানা নেই।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
