চুয়াডাঙ্গা জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক

পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে

আপলোড তারিখঃ 2026-10-28 ইং
চুয়াডাঙ্গা জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক ছবির ক্যাপশন:

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আগামী শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে হলে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতসহ সব জায়গায় সমানভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও (এনজিও) নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মাসিক এনজিও বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম তারিক-উজ-জামান।


জেলা প্রশাসক বলেন, ‘আমরা যদি ডেঙ্গু প্রতিরোধ করতে চাই, তাহলে প্রতিটি জায়গা সমানভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শুরু থেকেই কার্যকর পদক্ষেপ না নিলে কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত সব জায়গাতেই আমাদের কাজ করতে হবে।’


এনজিও কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমাদের বিশাল একটি শক্তি। একই সঙ্গে আপনারা আমাদের সহযোগী। রাষ্ট্রের প্রতিটি জনকল্যাণমূলক কাজে নিজ নিজ অবস্থান থেকে আপনারা সহযোগিতা করবেন।’ শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জেলা প্রশাসক বলেন, পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন বাজারে ময়লা ফেলার জন্য ড্রামের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে বাড়িতে বাড়িতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। তারপরও অনেকে নির্ধারিত স্থানে ময়লা না ফেলে যত্রতত্র বর্জ্য ফেলছেন। এ প্রবণতা বন্ধ করতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মানুষের বিবেকবোধ জাগ্রত করতে হবে।


নদীতে বর্জ্য ফেলার বিষয়ে তিনি বলেন, নদী দেশের প্রাণ। অথচ অনেকেই নদীতে বর্জ্য ফেলছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা শুধু পৌরসভার দায়িত্ব নয়, সমাজের প্রতিটি মানুষেরও দায়িত্ব রয়েছে। নাগরিকদের নিজেদের দায়িত্ব পালন করতে হবে, আর বর্জ্য ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় কার্যক্রম পৌরসভা বাস্তবায়ন করবে।


জেলা প্রশাসক আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সফল করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে আগামী শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীসহ বিভিন্ন এনজিও ও উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের চুয়াডাঙ্গা কেদারগঞ্জপাড়া শাখার প্রশাসক শ্যামল ঘোষ, আশার ব্যবস্থাপক অলোক বসু, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম সারোয়ার, আদ্-দ্বীন ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল হান্নান, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাবিবি জহির রায়হান, জাগরণী চক্র ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুজ্জামান, জামাল সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার সালাম, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান, জনকল্যাণ সংস্থার সহকারী পরিচালক নজরুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের চুয়াডাঙ্গা শাখার এরিয়া ম্যানেজার মোফাজ্জল হোসেন বাবু, ম্যামিলি ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক আল মামুন, শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির এরিয়া ম্যানেজার জলীল উদ্দীন, শক্তি ফাউন্ডেশনের এরিয়া সুপারভাইজার শিমুল মিয়া, সাজেদা ফাউন্ডেশনের এলাকা ব্যবস্থাপক শরীফ মাহমুদ মনিরুল আযম, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সুলতান আহমেদ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের এরিয়া ম্যানেজার ওবায়দুল ইসলাম, দারিদ্র্য বিমোচন সংস্থার এরিয়া ম্যানেজার তুষার ইমরান এবং সুবর্ণ মানবকল্যাণ সংস্থার কর্মকর্তা মিম্মা সুলতানা মিতাসহ বিভিন্ন সংস্থা ও সমিতির কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)