ছবির ক্যাপশন:
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. আদিল (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার জয়রামপুর গ্রামের বারুইপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে এবং হাউলি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিনের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে আদিলকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা দামুড়হুদা মডেল থানার মামলাটির (মামলা নম্বর ০৮, তারিখ: ৬ জুন ২০২৬) তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর গতকাল সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক কারবারি, দস্যুতা, ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
