ছবির ক্যাপশন:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও নাট্যকর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চুয়াডাঙ্গায় আজ থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উৎসব। জেলা পরিষদের আয়োজনে ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করেছেন আয়োজক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। মঞ্চ সাজসজ্জা, সংগীতের মহড়া আর নাটকের সংলাপ অনুশীলনে মুখর ছিল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, উৎসবের উদ্বোধনী আয়োজন সামনে রেখে মঞ্চ প্রস্তুতিসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জেলা জাসাসের শিল্পীদের সংগীত পরিবেশনার মহড়ার পাশাপাশি সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের নাটকের অনুশীলন করতে দেখা যায়। উৎসবের পরিবেশনাগুলো প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে উপস্থাপনের লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
আজ রোববার বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এতে প্রধান অতিথি থাকবেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। উদ্বোধন করবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টায় জেলা জাসাসের আয়োজনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
সপ্তাহব্যাপী এ উৎসবে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে থাকছে সংগীত, আবৃত্তি, আলোচনা সভা ও নজরুলের রচনাভিত্তিক নাটক মঞ্চায়ন। প্রতিদিনের আয়োজনের মধ্য দিয়ে কবির সাহিত্য, সংগীত ও নাট্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরা হবে। সোমবার সন্ধ্যা ৬টায় আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ ও চুয়াডাঙ্গা সদর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমি ও কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের আয়োজনে মঞ্চস্থ হবে নজরুলের রচনা অবলম্বনে নাটক ‘নীলকুঠি’। নাটকটির নির্দেশনায় থাকবেন নজির আহমেদ।
আর বুধবার চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ ও সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে মঞ্চস্থ হবে ‘ঈদ-উল-ফিতর’ নাটক। এর নির্দেশনায় থাকবেন নজির আহমেদ। এছাড়া বৃহস্পতিবার আলমডাঙ্গা কলাকেন্দ্র ও চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মঞ্চস্থ হবে ‘রিক্তের বেদন’ নাটক। এর নির্দেশনায় থাকবেন হিরন-উর-রশিদ শান্ত।
শুক্রবার চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ ও দর্শনা অনির্বাণ থিয়েটারের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই দিন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের আয়োজনে মঞ্চস্থ হবে ‘মানুষ’ নাটক। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় থাকবেন আদিল হোসেন।
উৎসবের শেষ দিন শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাপনী আলোচনা ও পুরস্কার বিতরণ করা হবে। এদিন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সংগঠনের নাটকও প্রদর্শিত হবে।
উৎসবের প্রস্তুতি ও মহড়ার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মোমিন টিপু, সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান বজলু, বর্তমান সাধারণ সম্পাদক হিরন-উর-রশিদ শান্ত, সংগীতশিল্পী মাসুদ রানা লিটন এবং জেলা শিল্পকলা একাডেমির অফিস সহকারী শাকিল আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকদের প্রত্যাশা, সাত দিনব্যাপী এ উৎসব চুয়াডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে। একই সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাহিত্য, সংগীত ও নাট্যকর্মের সঙ্গে নতুন প্রজন্মের পরিচিতি বাড়বে এবং স্থানীয় সাংস্কৃতিক চর্চা আরও সমৃদ্ধ হবে।
