দামুড়হুদায় জামায়েতের রোকন সদস্যর ছেলের গোডাউন থেকে

১৫০০ বস্তা সার জব্দ, সিলগালা, থানায় নিয়মিত মামলা

আপলোড তারিখঃ 2026-10-24 ইং
দামুড়হুদায় জামায়েতের রোকন সদস্যর ছেলের গোডাউন থেকে ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জামায়েতের রোকন সদস্যের ছেলে নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের গোডাউন থেকে ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার হাউলি মোড়সংলগ্ন নতুন হাউলি গ্রামের ওই গোডাউনে অভিযান চালিয়ে এই সার জব্দ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন এসে গোডাউনটি সিলগালা করেন এবং এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা করা নির্দেশ দেন।

উপজেলা কৃষি অফিস জানায়, দামুড়হুদা উপজেলা সদরের মৃত মফিজুল ইসলাম ওরফে মফির ছেলে নাঈম উদ্দীন নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের মালিক এবং বিএডিসি সারের ডিলার। চলতি মাসে তাঁর বরাদ্দের সরকারি সার কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছিলেন। এরপরও গোডাউনে বিপুল পরিমাণ সার মজুত থাকার খবর পেয়ে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ সরকার নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের গোডাউনে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩৭০ বস্তা টিএসপি, ১ হাজার ১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার জব্দ করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন। এসময় তিনি গোডাউনটি সিলগালা করেন এবং নিয়মিত মামলা করার নির্দেশনা দেন। পরে উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ সরকার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ১৬, তারিখ ২৪ অক্টোবর ২০২৬।

উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ সরকার বলেন, “আমরা জানতে পেরেছিলাম, নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের গোডাউনে সার মজুত রয়েছে। পরে হাউলি গ্রামের গোডাউনে অভিযান চালিয়ে টিএসপি, ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়। এ ঘটনায় গোডাউন সিলগালা করা হয়েছে এবং নিয়মিত মামলা করা হয়েছে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন জানান, নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের গোডাউন থেকে প্রায় ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়েছে। গোডাউনটি সিলগালা করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন উপসহকারী কৃষি অফিসার সাইফুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার এসআই সিয়াবুল ইসলাম, এসআই উত্তম কুমারসহ পুলিশের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)