ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলায় প্রতিমা বিসর্জনের উৎসব চলাকালে অতিরিক্ত বাংলা মদ পান করে অসুস্থ হয়ে পড়েছেন নয়ন (২৫) নামের এক যুবক। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। নয়ন বিষ্ণুপুর গ্রামের সুশান্ত কুমারের ছেলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার বিকেলে প্রতিমা বিসর্জন চলাকালে অতিরিক্ত পরিমাণে বাংলা মদ পান করেন নয়ন। কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে তার দুলাভাই ও স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারীন মৌ বলেন, বিকেলে অসুস্থ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মদ পান করেছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণের জন্য পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
