ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের ডিঙ্গেদহ হানুরবাড়াদি ঈদগাহপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় বেল্টু হোসেন ও জলিল মণ্ডলকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। বেল্টু হোসেন ইমরান হোসেনের ছেলে এবং জলিল মণ্ডল মৃত রফিকুল মণ্ডলের ছেলে। তাঁরা একই এলাকার বাসিন্দা। সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ নওশাদ মাহফুজের নেতৃত্বে পরিচালিত অভিযানে এএসআই সদরুল হোসেন, এসআই শামীম হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসা কিংবা মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
