ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার মোচাইনগরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মোচাইনগর প্রীতি ফুটবল টুর্নামেন্ট। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে মোচাইনগর ফুটবল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় জমে। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
টুর্নামেন্টে অংশগ্রহণ করে ভোগাইল বগাদি ফুটবল একাডেমি ও রসিকপুর ফুটবল একাডেমি। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা জয়ের লক্ষ্যে মাঠে লড়াই করেন। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। শেষ পর্যন্ত ৪–১ গোলের ব্যবধানে জয়লাভ করে ভোগাইল বগাদি ফুটবল একাডেমি। এ জয়ের মধ্য দিয়ে দলটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে রসিকপুর ফুটবল একাডেমি ১টি গোল করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুটবল মাঠের দাতা সদস্য আবু সাঈদ মুন্সি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব এবং ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন ৫ নস্বর গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব রেজাউর রহমান রেজু।
