ছবির ক্যাপশন:
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও পুনাক সভানেত্রী হাবিবা নুসরাত হক মৌ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাঁরা বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী সনাতন ধর্মাবলম্বী ভক্ত এবং পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁরা পূজামণ্ডপের পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও উৎসব আয়োজনের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি নির্দেশনা মেনে চলা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের পরিবেশ বজায় রেখে দুর্গোৎসব সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদ্যাপন কমিটির নেওয়া উদ্যোগের প্রশংসা করেন পুলিশ সুপার। এ ধরনের উদ্যোগ উৎসব চলাকালে নিরাপত্তা বজায় রাখতে সহায়ক হবে উল্লেখ করে জেলা পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এ বছর চুয়াডাঙ্গা জেলায় মোট ১১৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ (ডিবি), জেলা বিশেষ শাখা (ডিএসবি) এবং ট্রাফিক পুলিশসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট দায়িত্ব পালন করছে। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট পূজা উদ্যাপন পরিষদের প্রতিনিধিরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
