ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার খেজুরতলা বাজারসংলগ্ন বদর বটতলার নিচে পাকা সড়কের ওপর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামের আইয়ুব আলীর ছেলে সোনা মিয়া (২৩) ও মৃত আলতাফ হোসেনের ছেলে মানিক হোসেন (২৯)।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে ঘোলদাঁড়ী পুলিশ ক্যাম্পের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এসময় এসআই গোলাম হোসেনের নেতৃত্বে পুলিশের সদস্যরা ওই দুই ব্যক্তির হেফাজত থেকে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
