আলমডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বারোপ

আপলোড তারিখঃ 2026-10-19 ইং
আলমডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ছবির ক্যাপশন:

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।


পরিদর্শনকালে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার আয়োজন ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি দুর্গাপূজা চলাকালে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।


নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করার অনুরোধ জানান তিনি। পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানান পুলিশ সুপার।


জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এ বছর চুয়াডাঙ্গা জেলায় মোট ১১৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব পূজামণ্ডপের নিরাপত্তায় নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ (ডিবি), জেলা বিশেষ শাখা (ডিএসবি) এবং ট্রাফিক পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদ্যাপন পরিষদের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)