ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩০ বোতল ভারতীয় কাশির সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ভোর পাঁচটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের সামন্তা বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি। মহেশপুর ব্যাটালিনের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
৫৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে সামন্তা বিওপির হাবিলদার এস এম মজনুর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৫৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের পাকরাইল কবরস্থানের পাকা রাস্তার পাশে অভিযান চালায়। এসময় এক চোরাকারবারিকে ধাওয়া করলে তিনি একটি ব্যাগ ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল উইনসেরেক্স কাশির সিরাপ, একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জব্দ করা মাদক, অস্ত্র ও গুলি মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
