ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সদর উপজেলার হিজলগাড়ী ও কৃষ্ণপুর বাজারে নির্ধারিত এলাকার বাইরে অবৈধভাবে সার পাচার এবং সঠিক হিসাব ও রসিদ সংরক্ষণ না করার অপরাধে দুই সার ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার জেলা প্রশাসনের এক বিশেষ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসিফ হায়দারে নেতৃত্বে চুয়াডাঙ্গার বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন চুয়াডাঙ্গা সদরের নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর বাজারের মেসার্স রানা ট্রেডার্স-কে নির্ধারিত এলাকার বাইরে অবৈধভাবে সার পাচারের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, হিজলগাড়ী বাজারের বাবুল ট্রেডার্স সার বিক্রির সঠিক হিসাব ও রসিদ সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সারের বাজারে কৃত্রিম সংকট রোধ এবং কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে চুয়াডাঙ্গায় এই ধরনের কঠোর তদারকি ও আইনি অভিযান অব্যাহত থাকবে।
