চুয়াডাঙ্গার ৫ যুব সংগঠন পেল অনুদান

আপলোড তারিখঃ 2026-10-18 ইং
চুয়াডাঙ্গার ৫ যুব সংগঠন পেল অনুদান ছবির ক্যাপশন:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুবকল্যাণ তহবিল থেকে ২০২৫-২৬ অর্থবছরে চুয়াডাঙ্গা জেলার পাঁচটি যুব সংগঠনকে চার লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। সাধারণ ক্যাটাগরিতে নির্বাচিত সংগঠন নকশিকাঁথা ও হস্তশিল্প তৈরি, প্রতিবন্ধী উন্নয়ন, গরু মোটাতাজাকরণ, মাশরুম চাষ এবং ছাগল পালনের মতো আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নে এ অর্থ পেয়েছে। এর মধ্যে একটি সংগঠন পেয়েছে এক লাখ টাকা এবং বাকি চারটি সংগঠন পেয়েছে ৭৫ হাজার টাকা করে।
যুব সংগঠনগুলোর কার্যক্রম গতিশীল করা, তরুণদের স্বাবলম্বী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ অনুদান দেওয়া হয়েছে। বাংলাদেশ সচিবালয় থেকে প্রকাশিত অনুদানপ্রাপ্ত যুব সংগঠনের তালিকা থেকে চুয়াডাঙ্গার পাঁচটি সংগঠনের অনুদান পাওয়ার তথ্য জানা গেছে।


অনুদানপ্রাপ্ত সংগঠনগুলোর মধ্যে জীবননগর উপজেলার দুটি, দামুড়হুদা উপজেলার একটি, আলমডাঙ্গা উপজেলার একটি এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার একটি সংগঠন রয়েছে।
তালিকা অনুযায়ী, জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের পনেরসতিপাড়ার যমুনা মহিলা কল্যাণ সমিতি ‘নকশী কাঁথা, হস্তশিল্প ও প্রতিবন্ধী উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়নের জন্য পেয়েছে এক লাখ টাকা। একই উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের মেঘনা মহিলা উন্নয়ন সংস্থা ‘নকশিকাঁথা ও হস্তশিল্প প্রকল্পের’ জন্য পেয়েছে ৭৫ হাজার টাকা।


এছাড়া দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার ভিলেজ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ভিডিএ) ‘গরু মোটাতাজাকরণ প্রকল্পের’ জন্য ৭৫ হাজার টাকা অনুদান পেয়েছে। আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের গোকুলখালী বাজার এলাকার জনমত সামাজিক উন্নয়ন সংস্থা ‘মাশরুম চাষ প্রকল্পের’ জন্য পেয়েছে ৭৫ হাজার টাকা। অন্যদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহের শংকরচন্দ্র ইউনিয়নের বসতিপাড়ার বন্ধন মহিলা সংস্থা ‘ছাগল পালন প্রকল্পের’ জন্য পেয়েছে ৭৫ হাজার টাকা।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধির হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়। পাশাপাশি যুবকল্যাণ তহবিল থেকে ২০২৫-২৬ অর্থবছরে নির্বাচিত দেশের ৪৩২টি যুব সংগঠনকে আর্থিক অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গায় ৫টি সংগঠন যুবকল্যাণ তহবিলের সুবিধা পায়।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেশের ৬৪টি জেলার সঙ্গে যুক্ত করা হয়। কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রতীকীভাবে তিনটি সংগঠনকে অনুদানের চেক দেওয়ার পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত অন্য সংগঠনগুলোর মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের তত্ত্বাবধানে চেক বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়।


এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম তারিক উজ জামান, সহকারী কমিশনার মির্জা শহিদুল ইসলাম এবং চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাহমুদা খাতুন। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, উপকারভোগী এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান যুবসমাজকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা, সাহস ও কর্মস্পৃহাকে কাজে লাগাতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে।


প্রধানমন্ত্রী তরুণদের দেশপ্রেম, মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’Ñএই লক্ষ্য সামনে রেখেই সবাইকে এগিয়ে যেতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)